গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তীসগঢ়ের উপর অবস্থান করায় পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও বড় পরিবর্তন দেখা দিয়েছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টির পর এখন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমেছে। তারই সঙ্গে রোদের তেজ বাড়ায় কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় আবারও অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কলকাতা-সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ কখনও মেঘলা, কখনও আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।
আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও এই মুহূর্তে ভারী বৃষ্টি বা বড় ধরনের ঝড়ের কোনও সতর্কবার্তা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা বহাল রয়েছে।
কলকাতায় বুধবার দিনের শুরু থেকেই রোদের দেখা মিলেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৪ শতাংশের মধ্যে ওঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় শহরে ৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে এখনও বৃষ্টির দাপট অব্যাহত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, রবিবার ও সোমবার উত্তরবঙ্গের পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তাই ওইসব এলাকায় বসবাসকারী মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।







