তপ্ত গরমের মাঝে স্বস্তির বৃষ্টি, কিন্তু সেই সঙ্গেই বাড়ছে দুর্যোগের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সক্রিয় হতে চলেছে কালবৈশাখী। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির দাপটে ভোগান্তির মুখে পড়তে পারেন সাধারণ মানুষ।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বজ্রঝড়ের সম্ভাবনা বেশি। প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো ও ভারী বৃষ্টির জেরে গাছ ভাঙা, বিদ্যুৎ বিভ্রাট এবং যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই বৃষ্টির জেরে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে। দীর্ঘ দাবদাহের পর কিছুটা স্বস্তি মিললেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় ভ্যাপসা গরমের অস্বস্তিও বজায় থাকতে পারে।
এদিকে উপকূলবর্তী এলাকাগুলির জন্যও জারি হয়েছে বিশেষ সতর্কতা। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা ঝোড়ো হাওয়ার সময় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত তীরে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন।
আবহাওয়াবিদদের পরামর্শ, ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকা, বড় গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজনে নিরাপদ জায়গায় থাকার দিকেই নজর দিতে হবে।







