শীতপ্রেমীদের জন্য সুখবর। কম সময়ের জন্য হলেও ফিরছে শীত । উত্তুরে হাওয়ার কারণেই ফের পারদ
পতন। তবে কনকনে ঠাণ্ডার কোনও পূর্বাভাস নেই, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই পারদপতন, বেশ খানিকটা নামবে তাপমাত্রা।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবারের মধ্যেই শীতের আমেজ অনুভব করতে পারবে বঙ্গবাসী। তাপমাত্রা চারডিগ্রি পর্যন্ত নামবে। তবে বেশিদিন স্থায়ী থাকবে না শীত। কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার ফের বাড়বে তাপমাত্রা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ২৯ জানুয়ারি। অর্থাৎ শীত বিদায়ের পালা। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অসম ও আন্দামান সাগরে।
বুধবারের পর থেকে কুয়াশার প্রভাব কমবে। মঙ্গলবার পর্যন্ত কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৩-র এর ঘরে নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে আরও নামবে পারদ। সরস্বতী পুজোর পরই শীত বিদায় নেবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাহলেও এই কটাদিন যে শীত উপভোগ করতে পারবে বঙ্গবাসী। তাতেই অনেক খুশি।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৩৮ শতাংশ।







