পর পর কয়েক দিন ঝড়বৃষ্টির পর আবহাওয়ার মতিগতি খানিক পাল্টেছে। সকাল থেকে কখনো রোদ বা কখনো মেঘলা কলকাতায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের কারণে অস্বস্তিও বাড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তরবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার পর্যন্ত আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে আলিপুর।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া
গতকাল কলকাতায় ৩৪ ডিগ্রি তাপমাত্রা ছিল। যা আজ কমে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস হবে, যা অনুভব হবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মতো। কলকাতা সহ দুই ২৪ পরগণায় সকাল থেকেই আকাশে রোদ উঠেছে বললেই চলে। তার সঙ্গে বাতাসে আদ্রতার পরিমাণও তুলনামূলকভাবে বেশী থাকবে। কলকাতার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ৩১-৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা ৮০-৯০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। আজ সারাদিন ধরেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে তাপমাত্রা হ্রাস পেয়ে হবে ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। তবে শুধু কলকাতা নয়, দুই ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেরও তাপমাত্রাও কমবে এবং গরমের তীব্রতাও কমবে। আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। শনিবার পর্যন্ত কলকাতাসহ পশ্চিমি জেলাগুলি যথা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
উত্তরবঙ্গের আবহাওয়া
দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গেও গরমের তীব্রতা অনেকটা নেই বললেই চলে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি পর্যন্ত হতে পারে। শিলিগুড়িতে তাপমাত্রা ৩২ ডিগ্রি ছোঁবে। মালদহে সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৪ ডিগ্রি। রাতের দিকে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই হ্রাস পাবে। গরমের প্রকোপ অনেকটাই কমবে। উত্তরের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বিকালবেলা কোথাও কোথাও ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে।







