কলকাতা

রাতভর ঘেরাওয়ের পর ইস্তফা সুরেন্দ্রনাথ ল’ কলেজের উপাধ্যক্ষের, ‘জোর করে সই করানো হয়েছে’ দাবি মহম্মদি তরন্নুমের

টানা প্রায় ২৩ ঘণ্টা ঘেরাও থাকার পর অবশেষে পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’ কলেজের উপাধ্যক্ষ মহম্মদি তরন্নুম। তবে তাঁর দাবি, স্বেচ্ছায় তিনি ইস্তফা দেননি, আন্দোলনকারীরা জোর করে ইস্তফাপত্রে সই করিয়েছেন। ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলেও পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার দাবিতে বৃহস্পতিবার রাত থেকে কলেজে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। তাঁদের মূল দাবি ছিল, উপস্থিতির নতুন নিয়ম শিথিল করে পরীক্ষায় বসার অনুমতি দিতে হবে এবং উপাধ্যক্ষকে পদ থেকে সরাতে হবে।

উপস্থিতির হার সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে সুরেন্দ্রনাথ ল’ কলেজ কর্তৃপক্ষ। দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য জারি করা ওই নির্দেশিকায় জানানো হয়, পরীক্ষায় বসতে হলে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি থাকা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি সামনে আসার পরই ক্ষোভ ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রীদের মধ্যে। আন্দোলনকারীদের অভিযোগ, উপস্থিতির হার কম থাকায় বহু পড়ুয়া পরীক্ষায় বসা নিয়ে সমস্যায় পড়েছেন। শুক্রবারই পরীক্ষার ফর্ম ফিল-আপের শেষ দিন থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর বৃহস্পতিবার রাত থেকে উপাধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। প্রায় ২৩ ঘণ্টা কলেজের ঘরেই আটকে থাকতে হয় তাঁকে। বাইরে থেকেও তাঁর পদত্যাগের দাবিতে স্লোগান চলতে থাকে। শেষপর্যন্ত শুক্রবার সকালে কলেজ থেকে বেরোনোর সময় তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

কলেজ চত্বর ছাড়ার সময় মহম্মদি তরন্নুম অভিযোগ করেন, তাঁকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তাঁর বক্তব্য, “জোর করে আমাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। আমি কোনও ইস্তফা দিইনি।” পাশাপাশি তাঁর আরও অভিযোগ, তাঁকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল এবং আলো-পাখাও বন্ধ করে দেওয়া হয়েছিল। তাঁর দাবি, “দুই দিন ধরে আমাকে আটকে রেখেছে, জল-খাওয়া কিছু দেয়নি। ঘর অন্ধকার করে দিয়েছিল। শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, আপনারা তদন্ত করে দেখুন।”

এর আগে পড়ুয়াদের দাবি নিয়ে উপাধ্যক্ষ জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করবেন তিনি। বিশ্ববিদ্যালয়কে চিঠিও দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন মহম্মদি তরন্নুম। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি। একইসঙ্গে কলেজে পুলিশ না ঢোকানোর কথাও জানিয়েছিলেন। কিন্তু তাতেও আন্দোলন থামেনি। রাতভর ঘেরাও চালিয়ে নিজেদের দাবিতে অনড় থাকেন পড়ুয়ারা। শেষপর্যন্ত তাঁদের দাবির মুখে উপাধ্যক্ষকে পদত্যাগ করতে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.