দক্ষিণ কলকাতার বাঁশদ্রোনি এলাকার বহুতলে চুরি । তিন তলার ফ্ল্যাট থেকে চুরি হয়েছে প্রায় ৫ লক্ষ টাকার গহনা । রীতিমতো গোটা ফ্ল্যাট তছনছ করে দেয় দুষ্কৃতীর দল , ভাঙ্গা হয় আলমারি ও লোহার গেট। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।
সূত্রের খবর , মঙ্গলবার , ভর দুপুরে বেলা ১২টা নাগাদ চুরির ঘটনাটি ঘটে । বাড়ির সদস্যরা জানিয়েছেন যে ফ্ল্যাট এর ভেতরে প্রবেশের পর তারা দেখতে পায় যে পুরো ফ্ল্যাট তছনছ , অগোছালো অবস্থায় রয়েছে। তারপরেই খোঁজাখুঁজি করে দেখেন খোয়া গেছে বহু গহনা ও নগদ টাকা। তারা আরও জানান যে পরিবারের সবাই সকাল ৯টার সময় অফিসে বেরিয়ে যায়, থাকেন একজন পরিচারিকা বাচ্চার দেখভালের জন্য। বাচ্চাকে স্কুল থেকে আনতে পরিচারিকাও ফ্ল্যাট থেকে বেরিয়ে যান বেলা ১২টা নাগাদ। তিনিই প্রথম স্কুল থেকে বাচ্চাকে এনে, ফ্ল্যাটে প্রবেশ করতে গিয়ে অবাক হন , দেখেন গ্রিল কাটা । তারপরেই চক্ষু চড়কগাছ , ফ্ল্যাটে ঢুকে দেখেন পুরো ফ্যাট তছনছ । তারপরেই বাঁশদ্রনি থানায় অভিযোগ জানান পরিবারে সদস্যরা।
তারা আরও জানান যে “বাচ্চাকে স্কুলে নামিয়ে দিয়ে প্রতিদিনের মতোই আমরা সকালে অফিস বেরিয়ে যাই। বাচ্চাকে যে দিদি দেখভাল করেন, তিনি ১২টা নাগাদ আনতে যান। ফিরে এসে আমাকে ফোন করছেন ঘরে কি কেউ ঢুকেছে ? দেখো, ঘরের দরজা-জানালা সব ভাঙা। আলমারি ভাঙা। এই কারণে আমি ঢুকিনি। বলি, আপনি গিয়ে আগে পাড়া-প্রতিবেশীকে খবর দিন। আমি এসে দেখি ঘরে এরকম আলমারির দরজার পাল্লা পুরো ভাঙা। কিছু সোনার গয়না নিয়েছে, কিছু গয়না নেয়নি। জামা-কাপড়সব ছড়ানো ছিটানো। ওয়ার্ডরোব সব খোলা। গেট খোলা । গেটের স্ক্রু খোলা। প্রায় ৪-৫ লক্ষ টাকার গয়না, সাড়ে ৪-৫ হাজার টাকার ক্যাশ ছিল। সব নিয়ে গেছে।”
তদন্ত শুরু করেছে পুলিশ , তবে দিনে দুপুরে এমন ঘটনায় , রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে ।







