সপ্তাহ শুরুর সকালেই শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। সোমবার সকালে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স হাটেবাজারে এক্সপ্রেস থেকে উদ্ধার করে একাধিক আগ্নেয়াস্ত্র।
সূত্রের খবর, আগ্নেয়াস্ত্রগুলি আনা হয় বিহার থেকে। এই আগ্নেয়াস্ত্র চক্রে এক জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম হাসান শেখ। জিজ্ঞাসাবাদে জানা যায়, হাসান(৪২) মালদহের কালিয়াচক থানার নারায়ণপুরের বাসিন্দা। সে বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিল। তবে কোথা থেকে আগ্নেয়াস্ত্র গুলি এলো, কলকাতায় তা আনার কারণ, এখনো এই প্রশ্নের উত্তর অজানা।
গোপন সূত্রের ভিত্তিতে সোমবার ভোরে শিয়ালদহ স্টেশন চত্বরে কড়া নজরদারি রাখা হয়। সকাল সাড়ে ৫টায় হাটেবাজারে এক্সপ্রেস নামে হাসান। তাঁকে দেখে সন্দেহ হয় এসটিএফের তদন্তকারীর। তল্লাশি চালালে উদ্ধার হয় ছয়টি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড কার্তুজ। ব্যাগে জামাকাপড়ের ভিতর লুকিয়ে রাখা ছিল অস্ত্র গুলি। তারপরেই হাসানকে গ্রেফতার করে পুলিশ।







