দীর্ঘদিনের সন্ত্রাসবিরোধী অভিযানের পর বড় সাফল্যের দাবি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যসভায় পেশ করা সর্বশেষ রিপোর্টে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-সহ দেশের কোনও জেলাই আর মাওবাদী প্রভাবিত নয়। ২০২৬ সালের মার্চ মাস থেকে দেশে মাওবাদী হামলার সংখ্যাও কার্যত শূন্যে নেমে এসেছে বলে দাবি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে দেশে মোট ১২৬টি জেলা মাওবাদী কার্যকলাপের আওতায় ছিল। ধারাবাহিক নিরাপত্তা অভিযান, গোয়েন্দা নজরদারি এবং যৌথ বাহিনীর তৎপরতায় সেই পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। বর্তমানে কোনও জেলাকেই মাওবাদী-প্রভাবিত হিসেবে চিহ্নিত করা হচ্ছে না।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ২১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা এবং কেরলে কোনও মাওবাদী হামলার ঘটনা ঘটেনি। যদিও মার্চের আগে দেশে মোট ৩৩টি হামলার খবর পাওয়া গিয়েছিল, যার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ছত্তীসগড় ও ঝাড়খণ্ডে।
তবে সব জেলা মাওবাদী-মুক্ত ঘোষণা করা হলেও অতীতের নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের ৩৭টি জেলাকে এখনও সংবেদনশীল হিসেবে নজরদারির আওতায় রাখা হয়েছে। কেন্দ্রের মতে, ভবিষ্যতে যাতে নতুন করে মাওবাদী কার্যকলাপ মাথাচাড়া না দেয়, সেজন্য এই সতর্কতামূলক ব্যবস্থা বজায় থাকবে।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে ভারত কার্যত মাওবাদী-মুক্ত। সেই দাবির পর সম্প্রতি ঝাড়খণ্ডের কুখ্যাত মাওবাদী নেতা মিসির বেসরার গ্রেফতারি নিরাপত্তা বাহিনীর কাছে আরও একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরেই তিনি নিরাপত্তা বাহিনীর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন এবং তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১ কোটি টাকা।







