চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। দিল্লির AIIMS-সহ দেশের বিভিন্ন এমস এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২,২১৮টি নার্সিং অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ হবে Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET)-এর মাধ্যমে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২৪ জুলাই থেকে ১৩ অগস্ট বিকেল ৫টা পর্যন্ত aiimsexams.ac.in-এ অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা পে ম্যাট্রিক্সের লেভেল-৭ অনুযায়ী বেতন পাবেন।
আবেদনের জন্য প্রার্থীর ভারতীয় নার্সিং কাউন্সিল (INC) বা রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং (অনার্স)/পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। এছাড়া নার্স ও মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন আবশ্যক। জিএনএম ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে স্বীকৃত ৫০ শয্যার হাসপাতালে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। পরীক্ষার শহরের তথ্য ৩ সেপ্টেম্বর, অ্যাডমিট কার্ড ৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা ১২ সেপ্টেম্বর এবং মেনস পরীক্ষা ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আবেদন ফি সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য ৩,০০০ টাকা, আর সংরক্ষিত শ্রেণির জন্য ২,৪০০ টাকা।







