জর্ডনে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে ফের চরম উত্তেজনা তৈরি হয়েছে। পাল্টা জবাব হিসেবে ইরানের রাজধানী তেহরান-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই অভিযানে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হলেও এখনও পর্যন্ত সরকারি ভাবে হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।
মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটির উপর ইরানের হামলার জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে। কয়েক দিন সামরিক অভিযান স্থগিত রাখার পর ফের আক্রমণাত্মক অবস্থান নেয় ওয়াশিংটন।
ইরানের সংবাদমাধ্যমের দাবি, দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কেশম দ্বীপে অন্তত তিনটি বিস্ফোরণ ঘটে। দ্বীপের একটি জনবহুল এলাকাও ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। পাশাপাশি বুশেহর শহরেও প্রবল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে মঙ্গলবার জর্ডনে থাকা একটি মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। যদিও সেই হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করে মার্কিন সেনা। এরপরই কড়া প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই সতর্কবার্তার পরই ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলা শুরু হয়।
এই নতুন সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। সংঘাত আরও বাড়লে তার প্রভাব বিশ্ব রাজনীতি, জ্বালানি বাজার এবং আঞ্চলিক নিরাপত্তার উপরও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।







