ভারতীয় হকি দলের জার্সিতে রাতারাতি বড় পরিবর্তন। দীর্ঘদিনের নীল রঙের বদলে এবার গেরুয়া জার্সি পরে হকি বিশ্বকাপে খেলতে নামবে ভারতের পুরুষ ও মহিলা দল। নতুন জার্সি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরেন রাসকুইনহাও-সহ অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচনার মুখে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে হকি ইন্ডিয়া।
আগস্টে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে হকি বিশ্বকাপ। তার আগে পুরুষ ও মহিলা দলের স্কোয়াড ঘোষণার পাশাপাশি নতুন জার্সিও প্রকাশ করা হয়। ফেডারেশনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী নীলের পরিবর্তে গেরুয়া জার্সি পরেছেন ভারতীয় হকি তারকারা। ভিডিওটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় জোর বিতর্ক। তবে হকি ইন্ডিয়ার দাবি, আন্তর্জাতিক হকির বেশিরভাগ ম্যাচ নীল টার্ফে অনুষ্ঠিত হয়। সেই কারণে নীল জার্সি অনেক সময় মাঠের সঙ্গে মিশে যায়। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনা করেই জার্সির রং পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশ্ন উঠেছে, অন্য কোনও রং নয়, গেরুয়াকেই কেন বেছে নেওয়া হল? এই প্রসঙ্গে হকি ইন্ডিয়ার বক্তব্য, একাধিক রঙের মধ্যে হলুদ ও গেরুয়া সবচেয়ে বেশি সমর্থন পেয়েছিল। শেষ পর্যন্ত জাতীয় পতাকার অন্যতম রং হওয়ায় গেরুয়াকেই বেছে নেওয়া হয়। তাদের মতে, গেরুয়া সাহস, আত্মত্যাগ এবং জাতীয় গৌরবের প্রতীক। পাশাপাশি ফেডারেশন জানিয়েছে, এর আগেও ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপের আগে ভারতীয় দলের জার্সির রঙে পরিবর্তন আনা হয়েছিল। তখন যথাক্রমে হলুদ ও আকাশি রঙের জার্সি ব্যবহার করা হয়েছিল।
যদিও ভারতীয় ক্রীড়াক্ষেত্রে গেরুয়া জার্সি একেবারে নতুন নয়। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অনুশীলনের জার্সি ছিল গেরুয়া। একইভাবে ভারতীয় মহিলা ফুটবল দলকেও অনুশীলনের সময় গেরুয়া জার্সিতে দেখা গিয়েছে। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে গেরুয়া জার্সি পরে নামার ঘটনা এই প্রথম। দীর্ঘদিন ধরে ভারতীয় দল ‘মেন ইন ব্লু’ বা ‘ব্লু টাইগ্রেস’ পরিচয়ে পরিচিত। নতুন এই সিদ্ধান্তের পর সেই পরিচয়ের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।







