মরক্কো থেকে স্পেনের স্বশাসিত অঞ্চল সিউটায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা ঘিরে ফের তীব্র শরণার্থী সংকটের ছবি সামনে এল। বৃহস্পতিবার গভীর রাত থেকে হাজার হাজার অভিবাসী সীমান্তের বেড়া ও উপকূলবর্তী ব্রেকওয়াটার পেরিয়ে স্পেনে ঢোকার চেষ্টা করেন। এই বিপজ্জনক অভিযানে পদপিষ্ট ও দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, একসঙ্গে বিপুল সংখ্যক মানুষের অনুপ্রবেশের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরই স্পেনের কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের আবেদন করা হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই সিউটায় অতিরিক্ত সশস্ত্র বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মাদ্রিদ।
প্রাথমিক অনুমান, বৃহস্পতিবার রাত থেকেই প্রায় সাড়ে তিন হাজার শরণার্থী সীমান্ত অতিক্রম করেছেন। ভাইরাল হওয়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, নারী, শিশু ও তরুণদের নিয়ে বিশাল একটি দল সমুদ্রতীরের বাঁধ পেরিয়ে সিউটার রাস্তায় প্রবেশ করছে।
সিউটার প্রশাসনের শীর্ষকর্তা জানিয়েছেন, ঠিক কতজন সীমান্ত পার হয়েছেন তা বলা কঠিন, তবে পরিস্থিতি নজিরবিহীন এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শনে শুক্রবার সিউটায় যাওয়ার কথা রয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্ডে-মারলাস্কার। এই ঘটনার পর ইউরোপে শরণার্থী সংকট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।







