কলকাতা

৩২ বছরে প্রথম! ২১ জুলাইয়ের ডাক পেল না শহীদ রতন মণ্ডলের পরিবার, তুঙ্গে বিতর্ক

২১ জুলাই শহীদ দিবসকে ঘিরে রাজনৈতিক আবহ যখন তুঙ্গে, ঠিক সেই সময় সামনে এল দুই শহীদ পরিবারের ভিন্ন দুই ছবি। একদিকে, ৩২ বছরের মধ্যে এই প্রথম শহীদ রতন মণ্ডলের পরিবার এখনও পর্যন্ত কোনও আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলেছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে অনুষ্ঠানে উপস্থিত থাকা শহীদ আব্দুল খালেকের স্ত্রী কোহিনুরা বিবি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে এবার আর কলকাতায় যেতে পারবেন না।

সোনারপুরের বাসিন্দা শহীদ রতন মণ্ডলের স্ত্রী মহারানী মণ্ডলের দাবি, রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরই তাঁদের কাছে ২১ জুলাইয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র পৌঁছত। তিনি ছেলে সঞ্জয় মণ্ডলকে নিয়ে নিয়মিত ধর্মতলার মঞ্চে উপস্থিত থেকেছেন। কিন্তু এ বছর, কলকাতায় একাধিক জায়গায় শহীদ দিবস পালনের প্রস্তুতি চললেও এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফে তাঁদের কাছে কোনও আমন্ত্রণ পৌঁছায়নি বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত ১৩ জনের অন্যতম ছিলেন রতন মণ্ডল। গত তিন দশকেরও বেশি সময় ধরে তাঁর পরিবার শহীদ স্মরণ অনুষ্ঠানে অংশ নিয়ে আসছে।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের শহীদ আব্দুল খালেকের স্ত্রী কোহিনুরা বিবি জানিয়েছেন, তিনি এখনও তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করেন। তবে বয়সজনিত অসুস্থতার কারণে এবার তাঁর পক্ষে কলকাতায় গিয়ে শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব নয়। ১৯৯৩ সালের ঘটনার পর থেকে প্রায় প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলার মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। এবার যেতে না পারায় তাঁর মন খারাপ বলেও জানিয়েছেন।

২১ জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই এক শহীদ পরিবারের আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ এবং অন্য শহীদ-পত্নীর অসুস্থতার কারণে অনুপস্থিত থাকার খবর নতুন করে তাৎপর্য তৈরি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.