বাজারে ‘ডাইজেস্টিভ’, ‘ওটস’ বা ‘মাল্টিগ্রেন’ লেখা রঙিন প্যাকেটের বিস্কুটকে অনেকেই স্বাস্থ্যকর মনে করে নিয়মিত খান। তবে পুষ্টিবিদদের মতে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়। অধিকাংশ ডাইজেস্টিভ বিস্কুটেই থাকে পরিশোধিত ময়দা, চিনি ও তেল, অথচ ফাইবারের পরিমাণ খুবই কম। ফলে এগুলি অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি, রক্তে শর্করার ওঠানামা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা এবং পিসিওডির মতো জীবনধারাজনিত সমস্যার ঝুঁকি বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত ফাইবার খাওয়া অত্যন্ত জরুরি। কিন্তু বিস্কুটের বদলে যদি ফাইবারসমৃদ্ধ খাবার বেছে নেওয়া যায়, তাহলে শরীর বেশি উপকৃত হয়। চায়ের সঙ্গে ডাইজেস্টিভ বিস্কুটের পরিবর্তে হালকা ঘিয়ে ভাজা মাখানা, অল্প চিড়ে বা মিক্সড সিডস খাওয়া ভালো বিকল্প হতে পারে। এগুলিতে ফাইবার ও প্রোটিন বেশি থাকায় দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং শরীর প্রয়োজনীয় পুষ্টিও পায়।
স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য ছোট ছোট খাদ্যাভ্যাসের পরিবর্তনই বড় পার্থক্য গড়ে দিতে পারে। তাই শুধুমাত্র প্যাকেটের লেবেল দেখে নয়, খাবারের প্রকৃত পুষ্টিগুণ জেনেই বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।







