রাজ্য

উত্তরবঙ্গের বিধায়কের হাতে PAC-র দায়িত্ব? রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা

পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘদিনের জল্পনা এবার শেষ হওয়ার মুখে। বিধানসভা সূত্রের খবর, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের হাতেই তুলে দেওয়া হতে পারে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি হিসেবে পরিচিত PAC। সরকারি অর্থব্যয়ের হিসাব ও নিরীক্ষা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখাই এই কমিটির মূল কাজ। প্রচলিত রীতি অনুযায়ী, এই কমিটির চেয়ারম্যান সাধারণত প্রধান বিরোধী দলের বিধায়ক হন। এবারও সেই রীতিই বজায় রাখা হচ্ছে বলে সূত্রের দাবি।

অতীতেও পশ্চিমবঙ্গে এমন নজির রয়েছে, যেখানে কংগ্রেস বা বিজেপির প্রতীকে নির্বাচিত হলেও পরে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কদের PAC-র চেয়ারম্যান করা হয়েছিল। যদিও তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল, তবুও বিধানসভা কর্তৃপক্ষের যুক্তি ছিল— বিধানসভার নথিতে তাঁদের মূল রাজনৈতিক পরিচয়ই বিবেচনা করা হয়েছে।

এদিকে কানাইয়ালাল আগরওয়ালের নাম সামনে আসতেই নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কারণ, বর্তমান বিধানসভায় তাঁকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শিবিরের অন্যতম মুখ হিসেবে দেখা হয়। তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণের মধ্যেই তাঁর এই সম্ভাব্য দায়িত্ব পাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজনৈতিক জীবনে কানাইয়ালাল আগরওয়ালের পথচলাও বেশ ঘটনাবহুল। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। ২০১৭ সালে তিনি তৃণমূলে যোগ দেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হলেও জয় পাননি। পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে ইসলামপুর থেকে জয়ী হন। নির্বাচনের পর দলীয় অন্দরের মতপার্থক্যের জেরে তাঁকে বিদ্রোহী শিবিরের অন্যতম সদস্য হিসেবেও দেখা যায়।

যদিও PAC চেয়ারম্যান হিসেবে তাঁর নাম নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভার পরবর্তী সিদ্ধান্তের দিকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.