রাজ্যের বিধানসভার ইতিহাসে এই প্রথম কোনও মার্শালকে সাসপেন্ড করা হল। মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, বিধায়কদের সঙ্গে তাঁর আচরণ সন্তোষজনক ছিল না এবং এ নিয়ে একাধিক জনপ্রতিনিধি অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও, লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে আয়োজিত বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচিতে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেননি বলেও অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিধানসভার সচিবালয় থেকে দেবব্রত মুখোপাধ্যায়কে সাসপেন্ড করার লিখিত নির্দেশ জারি করা হয়। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে নিয়মবিরোধী আচরণ এবং বিধায়কদের সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার-সহ একাধিক অভিযোগ রয়েছে।
সম্প্রতি বিধায়কদের জন্য অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিত ছিলেন। সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও মার্শালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সচিবালয় ও পুলিশ সূত্রের খবর, বিভাগীয় তদন্তের রিপোর্ট হাতে আসার পর তাঁর বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।







