রাজ্য

পলাতক টুলু মণ্ডলের হাইকোর্টে আবেদন, ১৪৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্তির পর নতুন মোড় তদন্তে

বীরভূমের কথিত ‘পাথর সম্রাট’ নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলুর বিরুদ্ধে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে বিপুল সম্পত্তির হদিশ। তদন্তের প্রথম দিনেই তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছিল। এরপর নগদ অর্থ, সোনা, শতাধিক গাড়ি-সহ বিপুল সম্পদের সন্ধান মিললেও এখনও অধরা টুলু মণ্ডল। এরই মধ্যে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

ইতিমধ্যেই টুলু মণ্ডলের প্রায় ১৪৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর সম্পত্তির তালিকাও প্রকাশ্যে এনেছেন। সেই তালিকা অনুযায়ী, টুলুর নামে রয়েছে ২৪২টি গাড়ি, প্রায় ৩০০ বিঘা জমি এবং মোট ২১টি সম্পত্তির সন্ধান মিলেছে।

তবে প্রশ্ন উঠছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকা টুলু মণ্ডল আদালতে মামলা দায়ের করলেন কীভাবে? সম্প্রতি মুখ্যমন্ত্রী দাবি করেছেন, সরকার পরিবর্তনের পরই টুলু বিদেশে পালিয়ে গিয়েছেন। তাঁকে খুঁজে বের করার নির্দেশও দেওয়া হয়েছে পুলিশকে। তদন্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছেন। এমন পরিস্থিতিতে তিনি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বুধবার আবেদন করেছেন।

এই ঘটনাকে ঘিরে ২০১৯ সালের সারদা মামলার সময়কার তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের প্রসঙ্গও উঠে আসছে। সেই সময় তিনি পলাতক থাকলেও আদালতে মামলা করেছিলেন এবং ওকালতনামায় স্বাক্ষরও করেছিলেন। টুলুর ক্ষেত্রেও একই প্রশ্ন উঠছে—তিনি আত্মগোপনে থেকেও কীভাবে প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করলেন, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, টুলু মণ্ডলের বেআইনি সম্পত্তি ও আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইসিআইআর দায়েরের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি বুধবার টুলুর শ্বশুরবাড়িতেও তল্লাশি চালিয়েছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.