রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থা গভীর সংকটের মুখে পড়েছে বলে দাবি করে স্কুল শিক্ষা মন্ত্রী ও শিক্ষা কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল শিক্ষক সংগঠন APGTWA। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে পড়াশোনার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে। তাই অবিলম্বে ২০ হাজারেরও বেশি শূন্যপদে বিষয়ভিত্তিক স্থায়ী শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে।
শিক্ষক সংগঠনের দাবি, গত ২২ বছর ধরে উচ্চ মাধ্যমিক স্তরে নতুন করে কোনও স্থায়ী শিক্ষক পদ অনুমোদন করা হয়নি। ফলে বহু বিদ্যালয়ে প্রয়োজনীয় বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে উচ্চ মাধ্যমিক শিক্ষার মান আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংগঠন।
মন্ত্রীকে পাঠানো চিঠিতে শিক্ষাব্যবস্থা স্বাভাবিক করতে একাধিক দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল, দ্রুত শূন্যপদ পূরণ করে বিষয়ভিত্তিক স্থায়ী শিক্ষক নিয়োগ করা এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পোস্ট পারমিশনের সমস্যার সমাধান করা।
এছাড়াও সংগঠনের অভিযোগ, বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ডেটা সায়েন্সের মতো আধুনিক বিষয় চালু হলেও সেই বিষয়ের প্রশিক্ষিত শিক্ষক অধিকাংশ স্কুলে নেই। ফলে কম্পিউটার অ্যাপ্লিকেশনের শিক্ষকদের দিয়েই এসব বিষয় পড়ানো হচ্ছে, যা শিক্ষার মানের সঙ্গে আপস করার সামিল বলে দাবি তাদের।
শিক্ষক সংগঠনের মতে, রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষাকে ভবিষ্যৎমুখী ও মানসম্মত করতে হলে অবিলম্বে শিক্ষক নিয়োগ, নতুন পদ সৃষ্টি এবং আধুনিক বিষয়ের জন্য প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া জরুরি। এখন শিক্ষা দফতর এই দাবিগুলির বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর শিক্ষা মহলের।







