রাজনীতি

জামিনে ফের ধাক্কা সব্যসাচী দত্তের, ১৭ আগস্ট পরবর্তী শুনানির নির্দেশ আদালতের

পূর্বের মতোই আইনি চাপে রইলেন তৃণমূলের প্রভাবশালী নেতা সব্যসাচী দত্ত। তোলাবাজির মামলায় গ্রেফতার হয়ে গত কয়েক মাস ধরে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। বুধবারও তাঁর জামিনের আবেদন খারিজ করে বারাসাত আদালত। একইসঙ্গে আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

কোটি টাকার তোলাবাজির অভিযোগে সল্টলেকের এই নেতাকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, ব্যবসায়ী ও প্রোমোটারদের হুমকি দিয়ে অর্থ আদায় করতেন তিনি। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই আদালতের নির্দেশে তাঁর ভয়েস স্যাম্পেলও সংগ্রহ করা হয়েছে।

তদন্তকারী সংস্থার দাবি, তোলাবাজির মাধ্যমে উপার্জিত অর্থে বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন সব্যসাচী দত্ত। তাঁর বাড়ি ও লকারে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি সোনা, দেড় কেজি রুপো এবং সেগুলি কেনার নথি উদ্ধার হয়েছে। এছাড়া তাঁর ও তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকার সন্ধানও মিলেছে বলে তদন্তে জানা গিয়েছে।

এই মামলায় তদন্তকারীরা এদিন ১,৭৫৭ পাতার চার্জশিট আদালতে জমা দেন। জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবীর দাবি, জেলে থাকাকালীনও সব্যসাচী দত্ত অভিযোগকারীকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন এবং হুমকি দিচ্ছেন।

অন্যদিকে, একই মামলায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিদ্যুৎ গাঙ্গুলির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত। তবে সব্যসাচী দত্তের ক্ষেত্রে সেই আবেদন নাকচ করে বারাসাত আদালত আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী শুনানির নির্দেশ দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.