খেলাধুলা

অবশেষে চার হাত এক হতে চলেছে? ১০ বছরের প্রেমের পর রোনাল্ডো-জর্জিনার বিয়ে নিয়ে তুঙ্গে জল্পনা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আদর্শ দম্পতি হিসেবে দেখেন ভক্তরা। ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে প্রায়ই তাঁদের বর-কনের সাজে এডিট করা ছবি ও ভিডিও ভাইরাল হয়। এমনকি অনেক ভারতীয়, বিশেষ করে বাঙালি অনুরাগীরাও তাঁদের নিয়ে মজার শুভেচ্ছাবার্তা ও সম্পাদিত ছবি শেয়ার করেন। এবার সেই কল্পনাই যেন বাস্তবে রূপ নিতে চলেছে। বিভিন্ন মহলে জোর গুঞ্জন, প্রায় এক দশকের সম্পর্কের পর আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন পর্তুগিজ তারকা ও জর্জিনা।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, আগামী ৮ আগস্ট পর্তুগালের মাদেইরা দ্বীপে তাঁদের বিয়ের অনুষ্ঠান হতে পারে। জানা যাচ্ছে, ঐতিহাসিক ফুনচাল ক্যাথিড্রালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর পাঁচতারা স্যাভয় প্যালেস হোটেলে একটি বিলাসবহুল সংবর্ধনার আয়োজন করা হবে। যদিও এখনও পর্যন্ত রোনাল্ডো বা জর্জিনা কেউই বিয়ের বিষয়ে প্রকাশ্যে কোনও ঘোষণা করেননি। এমনকি এ বিষয়ে প্রশ্ন করা হলে রোনাল্ডোর বোনও জল্পনাকে গুরুত্ব দিতে চাননি। তবু খবরটি সামনে আসতেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যাভয় প্যালেস হোটেলের অতিথিদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা ব্যবহার করা যাবে না। পাশাপাশি বারের কয়েকটি অংশও ওই সময়ের জন্য বন্ধ রাখা হবে। এই বিশেষ নিরাপত্তা ও বিধিনিষেধই বিয়ের জল্পনাকে আরও উসকে দিয়েছে।

সম্ভাব্য অতিথিদের তালিকাতেও রয়েছে একাধিক চমকপ্রদ নাম। সূত্রের দাবি, রিও ফার্ডিনান্ড, ভিন ডিজেল, পিয়ার্স মর্গ্যান, রিহানা, কিলিয়ান এমবাপে, জেনিফার লোপেজ, প্রাক্তন ইউএফসি চ্যাম্পিয়ন খাবিব নুরমাগোমেদভ, জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড, র‌্যাপার ড্রেক এবং ট্র্যাভিস স্কট-সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকতে পারেন। তবে লিওনেল মেসি অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

রোনাল্ডোর ব্যক্তিগত জীবনও বরাবরই আলোচনায় থেকেছে। একসময় অভিনেত্রী বিপাশা বসু থেকে শুরু করে কিম কার্দাশিয়ান— অনেকের সঙ্গেই তাঁর নাম জড়িয়েছিল। তবে সবচেয়ে বেশি আলোচিত সম্পর্ক ছিল রাশিয়ার সুপারমডেল ইরিনা শায়েকের সঙ্গে, যা প্রায় পাঁচ বছর স্থায়ী হয়েছিল। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০১৬ সালে জর্জিনার সঙ্গে তাঁর পরিচয় হয় মাদ্রিদের একটি গুচ্চি স্টোরে। সেখান থেকেই শুরু হয় তাঁদের প্রেমের পথচলা।

বর্তমানে পাঁচ সন্তানের বাবা রোনাল্ডো। গত বছর এই সময় দুজনে আংটি বদল করেছিলেন। তখন রোনাল্ডো জানিয়েছিলেন, বিশ্বকাপ শেষ হওয়ার পরই তাঁরা বিয়ে করবেন। যদিও সেই স্বপ্নের ট্রফি তাঁর হাতে ওঠেনি। তাই এবার কি অবশেষে বিয়ের সিদ্ধান্ত? এই প্রশ্নের উত্তর মিলতে পারে ৮ আগস্টেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.