রাজনীতি

মোদির প্রাতঃরাশ বৈঠকে এনসিপিআই সাংসদরা, বিজেপিতে যোগদানের জল্পনা আরও তীব্র

এনসিপিআই কি শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে একীভূত হতে চলেছে? এই জল্পনার আবহেই দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে এনডিএ-র আরও কয়েকজন সাংসদকেও ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সাংসদদের সঙ্গে প্রাতঃরাশে মিলিত হবেন তিনি। সংসদের চলতি অধিবেশনে কীভাবে সমন্বয় রেখে কাজ করা হবে, তা নিয়েই মূলত আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

শুক্রবারের এই বৈঠকে এনসিপিআই-এর ২০ জন সাংসদ সকলেই উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও জোর জল্পনা চলছে। সূত্রের খবর, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান বৈঠকে যোগ দিতে পারেন। তবে খলিলুর রহমান ও আবু তাহের উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, এর আগে এনডিএ-র বৈঠকেও তাঁরা যোগ দেননি। সেই কারণে অনেকেরই ধারণা, প্রধানমন্ত্রীর বৈঠকেও তাঁরা অনুপস্থিত থাকতে পারেন। যদিও বৃহস্পতিবার ইউসুফ পাঠান, খলিলুর রহমান ও আবু তাহের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই বৈঠকের বিষয়বস্তু নিয়ে নানা জল্পনা তৈরি হলেও, তিন সাংসদের দাবি, নিজেদের লোকসভা কেন্দ্রের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়েই আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ছেড়ে ২০ জন সাংসদ পৃথক হওয়ার পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাঁরা নিজেদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানান। পাশাপাশি, এনডিএ-র শরিক দল হিসেবে লোকসভায় উপযুক্ত আসন বরাদ্দের দাবিও তোলেন। ২০ জন সাংসদ নিয়ে এনসিপিআই এনডিএ-র অন্যতম বৃহত্তম শরিক হতে চলেছে, কারণ জোটের অন্য কোনও শরিক দলের সাংসদ সংখ্যা এত বেশি নয়।

বাদল অধিবেশন শুরুর আগে স্পিকারের স্বীকৃতির অপেক্ষায় ছিলেন তাঁরা। এরই মধ্যে গত ১৯ জুলাই, অধিবেশন শুরুর আগের দিন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এনসিপিআই-কে সর্বদল বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান এবং সেই বৈঠকে দলের প্রতিনিধিরা অংশও নেন। তবে এনসিপিআই এনডিএ-র শরিক হিসেবেই থাকবে, নাকি শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যাবে—তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবারের প্রাতঃরাশ বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল ও জল্পনা আরও বেড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.