ব্রিটেনের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রকে ঘিরে উঠে এসেছে গুরুতর যৌন নির্যাতনের অভিযোগ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অন্তত চার প্রাক্তন নারী প্রশিক্ষণার্থী দাবি করেছেন, উত্তর ইয়র্কশায়ারের ওই সেনা প্রশিক্ষণ কলেজে প্রশিক্ষণের সময় তাঁরা যৌন হেনস্তা ও ধর্ষণের শিকার হন। ঘটনার সময় তাঁদের বয়স ছিল মাত্র ১৭ বছর।
নির্যাতিতাদের অভিযোগ, প্রশিক্ষণ কেন্দ্রে নারীবিদ্বেষ ও যৌন হিংসার একটি বিপজ্জনক পরিবেশ দীর্ঘদিন ধরে চলছিল, যা রুখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এক প্রাক্তন প্রশিক্ষণার্থী জানান, কয়েকজন সহকর্মী তাঁকে একটি ঘরে আটকে রেখে ঘণ্টার পর ঘণ্টা ধর্ষণ করে। তাঁর কথায়, “মনে হয়েছিল, আমাকে মানুষ নয়, মাংসের টুকরোর মতো ব্যবহার করা হচ্ছে।” পরে পরিবারের কাছে সবকিছু জানিয়ে তিনি সেনাবাহিনী ছেড়ে দেন।
প্রকাশিত একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত এক বছরে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত প্রায় ৬৭ শতাংশ নারী অন্তত একবার কোনও পুরুষ সহকর্মীর যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই ঘটনা সামনে আসার পর ব্রিটিশ সেনাবাহিনীর অভ্যন্তরে নারী সুরক্ষা এবং যৌন অপরাধ রোধে বিদ্যমান ব্যবস্থাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে।







