প্রায় দু’মাস ধরে আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন সুমিত রায়। শনিবার সকালে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ককে। শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে ফের নোটিস দিয়ে এসেছিল সিআইডি। সেই নোটিসের পরই শনিবার সকাল ১০টা বাজার কয়েক মিনিট আগে সিআইডি দফতরে হাজির হন সুমিত।
এতদিন আড়ালে থাকলেও আইনি লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট—গ্রেফতারির আশঙ্কায় একের পর এক আদালতের দ্বারস্থ হয়েছেন সুমিত। একটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেও অন্য অভিযোগের ক্ষেত্রে স্বস্তি মেলেনি।
সুমিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ
জমি সংক্রান্ত দুর্নীতি থেকে চাকরির নামে প্রতারণা—একাধিক অভিযোগে সুমিত রায়ের নাম জড়িয়েছে। শুধুমাত্র ডায়মন্ড হারবারেই তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানা গিয়েছে। মাটি চুরি এবং সেবাশ্রয় সংক্রান্ত মামলাতেও তাঁর নাম রয়েছে।
এর আগে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সুমিতের নাম সামনে আসে। সেই সূত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। এছাড়াও ডেবরায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগেও মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
এক মামলায় আগাম জামিন, অন্যটিতে স্বস্তি মেলেনি
আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। একটি মামলায় তাঁর আবেদন খারিজ করে দেয় আদালত। তবে অন্য একটি অভিযোগে আগাম জামিন মঞ্জুর করা হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল, গ্রেফতার হওয়া অভিযুক্তদের বয়ান এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে ওই মামলায় আগাম জামিন দেওয়া সমীচীন নয়।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিআইডির হাজিরা
এরপর গ্রেফতারির আশঙ্কায় সুপ্রিম কোর্টে যান সুমিত। শীর্ষ আদালত তাঁর গ্রেফতারির উপর স্থগিতাদেশ দেয়। একইসঙ্গে তদন্তের স্বার্থে সিআইডির জিজ্ঞাসাবাদে হাজির হয়ে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় একজন আইনজীবীকে সঙ্গে রাখার অনুমতিও রয়েছে তাঁর।
আদালতের নির্দেশ অনুযায়ী, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে তদন্তের জন্য ডাকা যেতে পারে। তবে এই সময়ে তাঁকে গ্রেফতার করা যাবে না। সুপ্রিম কোর্টের সেই নির্দেশের পরই শনিবার সিআইডি দফতরে হাজিরা দিলেন সুমিত রায়।







