শিক্ষা

বেসরকারি স্কুলের ফি নিয়ে কড়া নির্দেশ রাজ্যের, অভিভাবকদের স্বস্তি দিতে নয়া নিয়ম

বেসরকারি স্কুলে পড়াশোনার খরচ নিয়ে অভিভাবকদের মধ্যে দীর্ঘদিনের অভিযোগ—ফি-এর খাত এবং পরিমাণ নিয়ে অনেক ক্ষেত্রেই স্পষ্ট তথ্য পাওয়া যায় না। এবার সেই জায়গাতেই কড়া নজরদারি শুরু করল রাজ্যের শিক্ষা দফতর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই বেসরকারি এবং সাহায্যপ্রাপ্ত নয় এমন স্কুলগুলির ফি কাঠামোয় আরও স্বচ্ছতা আনার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশ অনুযায়ী, প্রতিটি স্কুলকে শ্রেণি অনুযায়ী ফি-এর সম্পূর্ণ বিবরণ প্রকাশ করতে হবে। শুধু স্কুলের নোটিস বোর্ডে নয়, প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট এবং নির্দিষ্ট সরকারি পোর্টালেও এই তথ্য তুলে ধরতে হবে। ফলে কোনও ক্লাসে কত টাকা ফি নেওয়া হচ্ছে, কোন খাতে কত টাকা ধার্য করা হয়েছে—তা অভিভাবকদের কাছে স্পষ্ট থাকবে।

শুধু ফি-এর তালিকা প্রকাশ করলেই হবে না। শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, কীভাবে এবং কোন ভিত্তিতে ফি নির্ধারণ করা হয়েছে, তার প্রমাণপত্রও জমা দিতে হবে। পরিচালন সমিতির সদস্যদের স্বাক্ষর করা সেই নথি নির্দিষ্ট সরকারি পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। পুরো প্রক্রিয়াটিই G.O.Ms.No.1-এর সংশ্লিষ্ট ধারাগুলি মেনে সম্পন্ন করতে হবে।

শিক্ষা দফতর জানিয়েছে, নির্দেশ অমান্য করলে স্কুল কর্তৃপক্ষকে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না। নোটিস বোর্ড, ওয়েবসাইট কিংবা সরকারি পোর্টালে ফি সংক্রান্ত তথ্য প্রকাশ না করলে প্রথমে সংশ্লিষ্ট স্কুলকে শো-কজ নোটিস পাঠানো হবে। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে জবাব পাওয়ার পর নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।

শিক্ষা দফতরের এই উদ্যোগে বেসরকারি স্কুলের ফি নিয়ে স্বচ্ছতা বাড়বে বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে অভিভাবকদেরও সন্তানের স্কুলের খরচ সম্পর্কে আগে থেকেই পরিষ্কার ধারণা পাওয়ার সুযোগ তৈরি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.