কলকাতা

কলকাতা বিমানবন্দরে অবতরণের আগে বিমানের ককপিটে লেজার, অল্পের জন্য বড় বিপদ এড়াল MH-184

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বিমানবন্দরে অবতরণের ঠিক আগের মুহূর্তে বড়সড় বিপদের মুখে পড়ল মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান। শনিবার রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পৌঁছনোর সময় বিমানের ককপিট লক্ষ্য করে তীব্র লেজার আলো ফেলার অভিযোগ উঠেছে। সেই আলো পাইলটের চোখে পড়ায় কয়েক মুহূর্তের জন্য তাঁর দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিরাপত্তার স্বার্থে অবতরণ স্থগিত করে বিমানটিকে আকাশে চক্কর কাটানোর সিদ্ধান্ত নেন পাইলট।

বিমানবন্দর সূত্রে খবর, মালয়েশিয়া এয়ারলাইন্সের MH-184 বিমানটি রাত প্রায় ১১টা ২০ মিনিট নাগাদ কলকাতায় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। রানওয়ে থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে থাকাকালীন মধ্যমগ্রাম-বারাসাত এলাকার দিক থেকে ককপিট লক্ষ্য করে লেজার রশ্মি ফেলা হয় বলে অভিযোগ। আচমকা তীব্র আলো চোখে পড়ায় অবতরণ না করে বিমানটি নিয়ে কিছুক্ষণ আকাশে চক্কর কাটেন পাইলট। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করা হয়। রাত প্রায় ১১টা ২৫ মিনিট নাগাদ ১৫৯ জন যাত্রী ও বিমানকর্মীকে নিয়ে নিরাপদে রানওয়েতে নামে বিমানটি।

ঘটনার পর কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানায় মালয়েশিয়া এয়ারলাইন্স। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের আশপাশের এলাকায় লেজার লাইট ব্যবহার নিষিদ্ধ। তা সত্ত্বেও এ ধরনের ঘটনা ঘটায় বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

লেজারের উৎস কোথায় এবং কারা এই আলো ফেলেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাইলটের চোখে শক্তিশালী লেজার পড়লে সাময়িক দৃষ্টিবিভ্রাট তৈরি হতে পারে, যা বিমান ওঠানামার সময় ভয়াবহ বিপদের কারণ হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.