বিনোদন

বিমানবন্দরে কোমলের সঙ্গে গোবিন্দা, ফের তুঙ্গে জল্পনা! স্বামীকে কটাক্ষ সুনীতার—‘মতিভ্রম হয়েছে’

বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দাকে ঘিরে ফের চর্চায় তাঁর ব্যক্তিগত জীবন। মুম্বই বিমানবন্দরে অভিনেত্রী কোমলের সঙ্গে তাঁকে একসঙ্গে দেখা যেতেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। দীর্ঘ অভিনয়জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে গোবিন্দার নাম জড়িয়েছে। তাঁর স্ত্রী সুনীতা আহুজাও অতীতে এই নিয়ে একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন।

কোমলকে নিয়েও এর আগে বিস্ফোরক দাবি করেছিলেন সুনীতা। তাঁর বক্তব্য অনুযায়ী, এই অভিনেত্রীর সঙ্গেই গোবিন্দার ঘনিষ্ঠতা রয়েছে। এবার সেই কোমলের সঙ্গেই বিমানবন্দরে গোবিন্দাকে দেখা যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাঁদের সম্পর্ক নিয়ে।

বিষয়টি নিয়ে সুনীতার প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁর জবাব বেশ কড়া। পাপারাজ্জিদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিনাশ কালে বিপরীত বুদ্ধি’ কথাটা শুনেছেন? ওঁর মতিভ্রম হয়েছে। তাই এসব করে বেড়াচ্ছে। আর কী বলব!

গোবিন্দাকে ‘চিটার নম্বর ওয়ান’ বলা যায় কি না, সেই প্রশ্নও করা হয়েছিল সুনীতাকে। তবে এবার সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি। বরং বিষয়টি গোবিন্দার অনুরাগীদের উপরেই ছেড়ে দিয়েছেন। তাঁর কথায়, এই প্রশ্নের উত্তর তাঁর ভক্তরাই দিন। তিনি নিজে এ বিষয়ে কোনও আগ্রহ রাখেন না।

অন্যদিকে, স্ত্রীকে ঘিরে ওঠা এই সমস্ত মন্তব্য নিয়েও মুখ খুলেছেন গোবিন্দা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত করেছেন, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেই সুনীতা লাইমলাইটে থাকছেন।

গোবিন্দার দাবি, সম্পর্কের দূরত্ব তৈরি করতে একে অপরের দিকে কাদা ছোড়ার প্রয়োজন নেই। সাফল্য পাওয়ার জন্য কাছের মানুষকে বদনাম করাও জরুরি নয়। তাঁর মতে, সুনীতা অত্যন্ত কৌশলে বিষয়টি সামলান—প্রথমে কয়েকটি প্রশংসার কথা বলেন, তারপর একটি সমালোচনা করেন। তবে স্ত্রীর এই মন্তব্যের মধ্যেও তিনি ভালোবাসা খুঁজে পান বলেই জানিয়েছেন।

ফলে বিমানবন্দরের একটি ছবি থেকেই ফের উত্তপ্ত গোবিন্দা-সুনীতার দাম্পত্য নিয়ে আলোচনা। কোমলকে ঘিরে জল্পনা কতটা সত্যি, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মন্তব্যে বলিউডে ফের আলোচনার কেন্দ্রে এই তারকা দম্পতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.