SIR বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার সরব হলেন অভিনেতা ও রাজনীতিক প্রকাশ রাজ। তাঁর দাবি, বেঙ্গালুরুর যে নির্বাচনী এলাকায় তাঁর জন্ম ও বেড়ে ওঠা, সেই এলাকার ভোটার তালিকাতেই এখন তাঁর নাম নেই। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সমাজমাধ্যমে একটি ভিডিওও পোস্ট করেছেন তিনি।
প্রকাশ রাজের বক্তব্য, বেঙ্গালুরুতেই তাঁর জন্ম। সেখানেই পড়াশোনা করেছেন এবং থিয়েটার নিয়েও পড়াশোনা করেছেন। অথচ সেই শহরের নির্বাচনী এলাকা থেকেই তাঁর ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। গোটা ঘটনাকে তিনি ‘বড় তামাশা’ বলে কটাক্ষ করেছেন।
ভোটার তালিকায় নিজের নাম ফেরাতে কী কী নথি প্রয়োজন, তা জানতে চেয়ে সরব হয়েছেন অভিনেতা। তাঁর বক্তব্য, প্রয়োজনীয় কাগজপত্র দিতে তিনি প্রস্তুত। একইসঙ্গে SIR প্রক্রিয়াকে ঘিরে দেশজুড়ে নাগরিকদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
তবে প্রকাশ রাজের ভোটার পরিচয় নিয়ে বিতর্ক এই প্রথম নয়। এর আগে তাঁর বিরুদ্ধে একাধিক রাজ্যে ভোটার পরিচয়পত্র থাকার অভিযোগ উঠেছিল। ২০১৯ সালে আইনজীবী দিলীপ কুমার হালাসুরু গেট থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ ছিল, প্রকাশ রাজের কাছে চারটি রাজ্যের ভোটার পরিচয়পত্র রয়েছে, যা নির্বাচনী নিয়মের পরিপন্থী।
পুলিশের তরফে যথাযথ পদক্ষেপ না হওয়ায় অভিযোগকারী পরবর্তীতে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। সেখান থেকেও সাড়া না পাওয়ার অভিযোগ তুলে তিনি আদালতের দ্বারস্থ হন। মামলার শুনানিতে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হলেও প্রকাশ রাজ নির্দিষ্ট সময়ে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। পরে আদালতে সশরীরে হাজির হলে তাঁকে জামিন দেওয়া হয়।
এই পুরনো বিতর্কের মাঝেই এবার SIR-এ নিজের নাম বাদ পড়ার অভিযোগ প্রকাশ্যে এনে নতুন করে প্রশ্ন তুললেন প্রকাশ রাজ। তাঁর দাবি, ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে তা নিয়ে নাগরিকদের অবশ্যই প্রশ্ন তোলা উচিত।
কাজের ক্ষেত্রে, আগামী দিনে ‘দৃশ্যম ৩’ ছবিতে দেখা যেতে পারে প্রকাশ রাজকে। সম্প্রতি দিল্লিতে ছাত্র আন্দোলনেও অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে।







