বিশ্ব ক্রিকেটে লিঙ্গবৈষম্য কমানোর লক্ষ্যে বড় পদক্ষেপ নিল আইসিসি। সম্প্রতি তারা ঘোষণা করেছে, এখন থেকে পুরুষ ও মহিলা ক্রিকেটে সমান পুরস্কারমূল্য দেওয়া হবে। এই নতুন নীতি কার্যকর হবে আগামী মাসে শুরু হতে চলা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই। এর আগে আইসিসি ২০৩০ সালের মধ্যে এই সমতা আনার পরিকল্পনা করেছিল, তবে ছ’বছর আগেই এই লক্ষ্য পূরণ করছে তারা।
এবারের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৬৬ কোটি ৬৬ লক্ষেরও বেশি টাকা পুরস্কারমূল্য হিসাবে দেওয়া হয়েছে। মহিলা ক্রিকেটেও ঠিক একই পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে। বিজয়ী দল পাবে প্রায় ১৯.৬০ কোটি টাকা, যা গতবারের তুলনায় ১৩৪ শতাংশ বেশি। রানার্স-আপ দলও ৯.৮০ কোটি টাকা পাবে, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
উল্লেখযোগ্য বিষয় হল, বিসিসিআই ২০২২ সালের অক্টোবর মাসে পুরুষ ও মহিলাদের জন্য সমবেতন নীতি চালু করেছে, যেখানে একই ম্যাচ ফি দেওয়া হয় উভয় লিঙ্গের ক্রিকেটারদের। বিসিসিআইতে এই নিয়ম চালু করার পিছনে জয় শাহের অবদান ছিল। এখন, বিসিসিআইয়ের দেখানো পথেই আইসিসিও ক্রিকেটে লিঙ্গবৈষম্য দূর করার পদক্ষেপ নিল। আইসিসি চেয়ারপার্সন হতেই জয় শাহের এই পদক্ষেপ। যার মাধ্যমে মহিলা ক্রিকেট আরও বেশি স্বীকৃতি ও সম্মান পাবে বলে আশা করা হচ্ছে।







