রাজ্য

‘এই গতিতে চললে পরের নির্বাচনও চলে আসবে’, SIR-এর আবেদন নিষ্পত্তি নিয়ে কমিশনকে কড়া প্রশ্ন সুপ্রিম কোর্টের

SIR-এ বাদ পড়া নামের আবেদন নিষ্পত্তিতে গতি অত্যন্ত কম—এমন অভিযোগ ঘিরে এবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের পর কয়েক মাস কেটে গেলেও বিপুল সংখ্যক আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায়। এই পরিস্থিতি নিয়ে মঙ্গলবার শুনানিতে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।

মুর্শিদাবাদ ও মালদহে SIR প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ পড়ার অভিযোগ ওঠে। সেই নামগুলি পুনর্বিবেচনার জন্য আবেদন করেও দীর্ঘদিন ধরে কোনও সুরাহা না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

মামলার শুনানিতে অধীরের আইনজীবী রউফ রহিম জানান, এখনও পর্যন্ত যতগুলি আবেদন নিষ্পত্তি হয়েছে, মোট আবেদনের তুলনায় তার সংখ্যা অত্যন্ত কম। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও ট্রাইব্যুনালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন।

এরপরই প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের পর্যবেক্ষণ, বর্তমান গতিতে যদি আবেদন নিষ্পত্তি হতে থাকে, তাহলে সব আবেদন মেটার আগেই পরবর্তী নির্বাচন চলে আসতে পারে। আদালতের এই মন্তব্যে কার্যত ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে।

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশেই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। ফলে তাদের কাজের অগ্রগতি আদালতের পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। আবেদনের নিষ্পত্তির হার সন্তোষজনক না হলে পরিকাঠামো এবং কাজের পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বিবেচনা করা হতে পারে।

আদালত কমিশনের কাছে জানতে চেয়েছে—এই মুহূর্তে কতগুলি ট্রাইব্যুনাল সক্রিয় রয়েছে, প্রতিদিন কত ঘণ্টা কাজ হচ্ছে এবং এখনও পর্যন্ত কতগুলি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। প্রয়োজনে অনলাইন শুনানির মাধ্যমে দ্রুত নিষ্পত্তির সুযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার কথা জানিয়েছে আদালত।

কমিশনের আইনজীবী ডি এস নাইডু জানান, পরিকাঠামোগত সমস্যার কারণে যদি আবেদন নিষ্পত্তিতে দেরি হয়ে থাকে, তাহলে কমিশন বিষয়টি পর্যালোচনা করবে।

আগামী ২৫ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি। তার আগে ট্রাইব্যুনালের কাজের গতি ও নিষ্পত্তির পরিসংখ্যান আদালতের সামনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.