রাজ্য

ক্ষুদিরামের ভিটেতে মুখ্যমন্ত্রী, ৫ কোটি টাকায় তৈরি হবে সংগ্রহশালা-গ্যালারি, থাকবে লেজার শো

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রদূত শহিদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের দিন তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার, ১১ আগস্ট, কেশপুরের মোহবনিতে ক্ষুদিরামের জন্মভিটেতে গিয়ে শ্রদ্ধা জানান তিনি। সকালে প্রতিকূল আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর কপ্টারকে জরুরি অবতরণ করতে হয়। তবে সেই বাধা পেরিয়ে দুপুরেই সড়কপথে কেশপুরে পৌঁছে যান তিনি।

দেশের স্বাধীনতার পিছনে ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীদের আত্মবলিদানের কথা স্মরণ করে তাঁর জন্মভিটে সংরক্ষণ ও সংস্কারের জন্য একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মোহবনিতে ক্ষুদিরামের বাড়িতে তৈরি হবে সংগ্রহশালা ও গ্যালারি। দর্শনার্থীদের জন্য থাকবে লেজার শো-এর ব্যবস্থাও। পাশাপাশি ক্ষুদিরাম বসু এবং পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলন নিয়ে গবেষণা করতে আসা ব্যক্তিদের থাকার ব্যবস্থাও করা হবে। এই প্রকল্পগুলির জন্য মোহবনি উন্নয়ন বোর্ডকে ৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম ১১ আগস্ট ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের দিনটি এইভাবে পালন করা হচ্ছে। মঙ্গলবার তাঁর জন্মভিটেতে গিয়ে সংস্কার ও উন্নয়নমূলক একাধিক পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যে ক্ষুদিরামের জীবন ও সংগ্রামের ইতিহাস আরও ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সিলেবাসের ৪ লাইনের মধ্যে ক্ষুদিরামকে আটকে রাখলে হবে না। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়—সব স্তরেই তাঁর ইতিহাস ছড়িয়ে দিতে হবে। এর জন্য আমি শিক্ষাদপ্তরের কাছে আবেদন জানাচ্ছি।’’

অবিভক্ত মেদিনীপুর দীর্ঘদিন ধরেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মাতঙ্গিনী হাজরা থেকে ক্ষুদিরাম বসু—একাধিক বীর বিপ্লবীর স্মৃতি জড়িয়ে রয়েছে এই মাটির সঙ্গে। সেই ইতিহাসের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ঘরে ঘরে পূজিত হবেন ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরারা। এখন যাঁরা দেশকে অসম্মান করছেন এবং চারপাশে অরাজক পরিস্থিতি তৈরি করছেন, তাঁদের এই কর্মকাণ্ড রুখতে ক্ষুদিরামের জীবনসংগ্রাম ও তাঁর দৃঢ় মানসিকতার কথা আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে।’’

ক্ষুদিরাম বসুকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর কথোপকথনের কথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, একদিন অমিত শাহ তাঁকে ফোন করে ক্ষুদিরামের আত্মবলিদানের কথা স্মরণ করিয়েছিলেন এবং এই দিনটিকে ঘিরে কোনও পরিকল্পনা করা হয়েছে কি না জানতে চেয়েছিলেন। জবাবে তিনি জানিয়েছিলেন, ক্ষুদিরামের জন্মভিটে কেশপুরের মোহবনিতে গিয়ে শ্রদ্ধা জানাবেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বরাষ্ট্রমন্ত্রী উৎসাহিত করেছিলেন বলেও জানান তিনি।

ক্ষুদিরামের জন্মভিটে সংস্কার, সংগ্রহশালা ও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দায়িত্ব জেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.