কলকাতার মেট্রো মানচিত্রে ফের বড় সাফল্য। পার্পল লাইনের জোকা-এসপ্ল্যানেড করিডরে ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরির কাজে আরও এক ধাপ এগিয়ে গেল কলকাতা মেট্রো। প্রায় ১০ মাসের নিরলস কাজের পর ২.৬৫ কিলোমিটার সুড়ঙ্গ খুঁড়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের পাতাল অংশে পৌঁছে গেল টানেল বোরিং মেশিন (TBM) ‘দিব্যা’।
গত অক্টোবর মাসে খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের সামনের এলাকা থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছিল ‘দিব্যা’। আদি গঙ্গার নীচ দিয়ে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো ঐতিহাসিক স্থাপনার পাশ কাটিয়ে এবং টাটা সেন্টার ও এভারেস্ট হাউসের মতো বড় বহুতলের নীচ দিয়ে এগিয়ে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে এই বিশাল যন্ত্র।
এই ভূগর্ভস্থ কাজের জন্য ব্যবহার করা হয়েছিল ‘দুর্গা’ এবং ‘দিব্যা’—দুটি বিশেষ টানেল বোরিং মেশিন। গত মাসেই একটি সুড়ঙ্গের কাজ শেষ করে ভিক্টোরিয়ায় পৌঁছেছিল ‘দুর্গা’। এবার দ্বিতীয় সুড়ঙ্গের কাজও শেষ করে একই জায়গায় পৌঁছল ‘দিব্যা’। ফলে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পার্পল লাইনের গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ অংশ নির্মাণে বড় অগ্রগতি হল।
তবে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হলেও এখনই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। আগামী প্রায় দু’মাস মাটির পরিস্থিতি এবং আশপাশের পরিকাঠামোর উপর কড়া নজর রাখা হবে। ভূগর্ভস্থ কাজের ফলে কোথাও মাটির ধস, বসে যাওয়া বা অন্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
পরবর্তী পর্যায়ে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত প্রায় ৯১৪ মিটার সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নীচ দিয়ে আপ ও ডাউন লাইনের সুড়ঙ্গ তৈরির দায়িত্বও থাকবে ‘দুর্গা’ ও ‘দিব্যা’র উপর। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ‘দুর্গা’ এবং ২০২৭ সালের মার্চের মধ্যে ‘দিব্যা’ পার্ক স্ট্রিটে পৌঁছতে পারে।
পার্ক স্ট্রিট পর্যন্ত ভূগর্ভস্থ সুড়ঙ্গের কাজ শেষ হলে নির্মাণ পদ্ধতিতেও পরিবর্তন আসবে। এরপর ‘কাট অ্যান্ড কভার’ প্রযুক্তি ব্যবহার করে পরবর্তী অংশের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৯ সালের দীপাবলির মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পুরো পার্পল লাইনে বাণিজ্যিক মেট্রো পরিষেবা চালুর লক্ষ্য বাস্তবায়নের পথ আরও মসৃণ হবে। ‘দিব্যা’র এই সাফল্য সেই লক্ষ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।







