৮০তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই কেন্দ্রের ২০১৯ সালের সিদ্ধান্তকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শ্রীনগরে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তাঁর দাবি, ৩৭০ ধারা বাতিল এবং জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা প্রত্যাহার না করা হলে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবিতে গণআন্দোলন গড়ে তুলতেন।
ওমর বলেন, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি প্রমাণ করেছে, ১৯৪৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত কাশ্মীরিদের জন্য কতটা সঠিক ছিল। সেখানে গণতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে বহু মানুষের মৃত্যু, আহত হওয়া এবং গ্রেফতারের ঘটনাতেও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
নিজের দাদু তথা জম্মু-কাশ্মীরের প্রথম ‘প্রধানমন্ত্রী’ শেখ মহম্মদ আবদুল্লার ভূমিকাও স্মরণ করেন ওমর। তাঁর বক্তব্য, ১৯৪৭ সালে ভারতীয় সেনা পৌঁছনোর আগেই স্থানীয় কাশ্মীরিদের ঐক্যবদ্ধ করে পাকিস্তানি আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন শেখ আবদুল্লা।
এরপরই ২০১৯ সালের সিদ্ধান্ত নিয়ে সরাসরি কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। ওমরের দাবি, বিধানসভায় সীমান্তের ওপারের জন্য আসন খালি রাখা হয়েছে, ভবিষ্যতে সেই আসন পূরণের আশায়।
তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। জম্মু-কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা সুনীল শর্মা ওমরের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কড়া আক্রমণ করেছেন। তাঁর প্রশ্ন, স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য কতটা সমীচীন?







