নামিবিয়াকে বিশাল ব্যবধানে হারানোর পর পরই ছন্দপতন। এফআইএইচ জুনিয়র মহিলা হকি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী জার্মানির কাছে ১-৩ গোলের ব্যবধানে পরাজিত হলো ভারতীয় জুনিয়র মহিলা হকি দল। বুধবারের এই হার ভারতের বিশ্বকাপ অভিযানকে কিছুটা হলেও কঠিন করে তুলল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে জার্মানির আক্রমণ ছিল বেশি শাণিত। ম্যাচের ৫ মিনিটেই পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে জার্মান খেলোয়াড় লেনা ফ্রেয়ারিকস দলকে ১-০ গোলে এগিয়ে দেন। শুরুতেই পিছিয়ে পড়েও ভারতীয় মেয়েরা অবশ্য নিজেদের গুটিয়ে নেয়নি। গোল শোধের জন্য তারা একাধিক সুযোগ তৈরি করে, তবে ফিনিশিং টাচে ভুল হচ্ছিল বারবার। প্রথমার্ধ শেষ হয় ১-০ স্কোরলাইনে।
দ্বিতীয়ার্ধের শুরুটা ভারত আক্রমণাত্মকভাবে করলেও, জার্মানির রক্ষণ ভাঙতে পারছিল না। তীব্র চাপের মুখেও রক্ষণ ধরে রাখে জার্মানি। খেলার শেষের দিকে জার্মানি পরপর দুটি গোল করে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয়। ৫২ মিনিটে অ্যানিকা শোনহফ জার্মানির হয়ে দ্বিতীয় গোলটি করেন। ম্যাচ শেষের মাত্র এক মিনিট আগে ৫৯ মিনিটে মার্টিনা রাইসেনেগার তৃতীয় গোলটি করে জার্মানির জয় নিশ্চিত করেন।
তবে এই গোলের মাঝে ভারতীয়দের হয়ে একমাত্র গোলটি করেন হিনা বানো। ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সঠিক সময়ে গোল করে তিনি ভারতের হয়ে ব্যবধান কমান। কিন্তু সেই এক গোল যথেষ্ট ছিল না। এই পরাজয়ের ফলে পুল সি-তে ভারতের অবস্থান কিছুটা নড়বড়ে হলো। টুর্নামেন্টের পরের রাউন্ডে যেতে হলে ভারতকে এখন তাদের পরবর্তী ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দারুণ পারফর্ম করতে হবে।







