রাজনীতি

বিদেশযাত্রার আগে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, দ্রুত শুনানির আর্জি অভিষেকের

ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ঘটনায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ‘কালীঘাট তৃণমূল’-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশযাত্রার আগে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর দাবি, কী কারণে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে, সে বিষয়ে ব্যাঙ্কের তরফে কোনও তথ্য জানানো হয়নি।

আবেদনে অভিষেকের আইনজীবী জানান, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ নম্বর ধারা অনুসরণ না করেই তাঁর মক্কেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ওই ধারার নিয়ম অনুযায়ী, কোনও অ্যাকাউন্ট ফ্রিজ করতে হলে পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয়। কিন্তু এক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেই দাবি করা হয়েছে। তাহলে কোন আইনি ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিষেক।

শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে কোনও মামলা বিচারাধীন রয়েছে কি না। জবাবে তাঁর আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে অভিষেক সংশ্লিষ্ট মামলাগুলিতে তদন্তে সহযোগিতা করছেন। তবে সেই মামলাগুলির সঙ্গে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।

সমস্ত বক্তব্য শোনার পর মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আগামী বুধবার মামলাটির শুনানি হতে পারে।

প্রসঙ্গত, চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চেয়ে আদালতের অনুমতি চেয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলায় আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। ২৯ জুলাই আমেরিকা যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

এর আগে ২০ জুলাই কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। কলকাতাতেই চোখের চিকিৎসার জন্য একাধিক উন্নত হাসপাতাল রয়েছে বলে জানানো হয়। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের কথাও জানিয়েছিল আদালত।

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। শীর্ষ আদালতের নির্দেশে বিষয়টি ফের হাই কোর্টে ফিরে আসে। সেখানে বিদেশে চিকিৎসার আবেদন খারিজ করে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়। এরপর ফের সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক। শেষ পর্যন্ত শীর্ষ আদালত নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে তাঁর বিদেশযাত্রার অনুমতি দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.