জেলা

বৃষ্টির জেরে স্কুলে বন্ধ পঠনপাঠন, খালি পেটেই বাড়ি ফিরল পড়ুয়ারা

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রামের বিনপুর এলাকার জনজীবন। তার প্রভাব এবার সরাসরি পড়ল স্কুলপড়ুয়াদের উপর। তারাফেনী নদীর জল বেড়ে যাওয়ায় নদী পারাপার কার্যত বন্ধ। ফলে টানা দু’দিন ধরে একাধিক স্কুলে শিক্ষক-শিক্ষিকারা পৌঁছতে পারছেন না। বন্ধ হয়ে গিয়েছে পঠনপাঠন, এমনকি রান্না হয়নি মিড-ডে মিলও। ফলে খাবার না পেয়েই বাড়ি ফিরতে হয়েছে বহু পড়ুয়াকে।

বিন্দাধরা ও ঢোলভাঙা স্কুল টানা দ্বিতীয় দিনেও পুরোপুরি বন্ধ রয়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় স্কুলে যাওয়ার রাস্তা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে, বাসাঝুড়ি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন শিক্ষকের মধ্যে মাত্র একজন স্কুলে পৌঁছতে পেরেছেন। বাকি দু’জন নদীর জল পার হতে না পারায় আসতে পারেননি।

শিক্ষক না থাকায় স্বাভাবিকভাবেই ব্যাহত হয়েছে স্কুলের কাজ। তার সঙ্গে রান্নার লোকজনও পৌঁছতে না পারায় মিড-ডে মিলের ব্যবস্থাও করা যায়নি। শেষ পর্যন্ত দুপুরের খাবার না খেয়েই বাড়ির পথে হাঁটতে হয়েছে পড়ুয়াদের।

বাসাঝুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাপু দে জানান, ঢোলভাঙা ব্রিজের উপর জল উঠে যাওয়ায় অধিকাংশ শিক্ষক স্কুলে আসতে পারেননি। তিনি নদী পারাপারের সমস্যায় না পড়ায় কোনওরকমে স্কুলে পৌঁছেছেন এবং একাই স্কুল সামলেছেন।

অভিভাবকদের অভিযোগ, বর্ষা এলেই নদীর জল বেড়ে এই সমস্যা তৈরি হয়। শুধু পড়ুয়া বা শিক্ষক নয়, অসুস্থ মানুষদেরও যাতায়াতে চরম সমস্যার মুখে পড়তে হয়। দ্রুত নদী পারাপারের স্থায়ী ব্যবস্থা না হলে আগামী দিনেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা তাঁদের।

একদিকে জলবন্দি যোগাযোগ ব্যবস্থা, অন্যদিকে বন্ধ স্কুল—প্রকৃতির দুর্যোগে এবার সবচেয়ে বেশি সমস্যায় পড়ল এলাকার খুদে পড়ুয়ারাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.