বিধানসভায় বিরোধী দলনেতার কুর্সি নিয়ে টানাপোড়েনের আজই হতে চলেছে চূড়ান্ত ফয়সালা। শোভনদেব চট্টোপাধ্যায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়—কে থাকবেন বিরোধী দলনেতার পদে, তা নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে।
বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থনের ভিত্তিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পরবর্তী অধিবেশনগুলিতেও তাঁকেই ওই পদে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির।
ঘটনার সূত্রপাত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর। নির্বাচনে ৮০টি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে। দলের পরিষদীয় নেতৃত্বের তরফে প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৯ মে বিধানসভায় সেই সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছিল।
এরপরেই দলের অন্দরে শুরু হয় ভাঙন। একাংশ বিধায়ক কালীঘাট নেতৃত্বের বিরোধিতা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান। ৬৫ জন বিধায়ক তাঁর শিবিরে যোগ দিয়ে সংখ্যাগরিষ্ঠতার দাবি তোলেন এবং তাঁকেই বিরোধী দলনেতা করার আবেদন জানান অধ্যক্ষের কাছে।
পরিস্থিতি আরও জটিল হয় যখন ওই বিধায়কদের সাসপেন্ড করে কালীঘাট শিবির। তারপরও অধ্যক্ষের সিদ্ধান্তে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি গড়ায় হাই কোর্টে।
মামলার শুনানিতে আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় অধ্যক্ষ এবং ঋতব্রত শিবিরকে। বহিষ্কৃত বা সাসপেন্ড হওয়া বিধায়কদের দাবি কেন গুরুত্ব পেল, কালীঘাট নেতৃত্বের প্রথম চিঠি কেন কার্যকর হল না—এমন একাধিক প্রশ্ন নিয়েই জোরালো হয় আইনি লড়াই।
এখন প্রশ্ন একটাই—অধ্যক্ষের সিদ্ধান্তেই কি সিলমোহর দেবে হাই কোর্ট, নাকি শোভনদেবকে বিরোধী দলনেতা করার দাবিই মান্যতা পাবে? মঙ্গলবারের রায়েই মিলবে সেই উত্তর। রায়ের পরেই স্পষ্ট হবে বিধানসভায় বিরোধী দলনেতার কুর্সি শেষ পর্যন্ত কার দখলে থাকে।







