পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ! ইসলামাবাদের একটি শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে । এই ভয়াবহ বিস্ফোরণের জেরে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১৭০ জন। শুক্রবার জুম্মার নামাজের সময়ই এই বিস্ফোরণের ঘটনা ঘটে ।
ইসলামাবাদ প্রশাসনের তরফে জারি করা বিবৃতিতে জানা গিয়েছে , উদ্ধারকারী দল বিস্ফোরণ স্থলে পৌঁছে মোট ১৭০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। জানা গিয়েছে , যাদের হাসপাতালে পাঠানো হয়েছে , তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক । পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে , শুক্রবার দুপুরে বিস্ফোরণটি ঘটে , একদম মসজিদের মূল গেটের কাছে । এই বিস্ফোরণে হামলাকারী নিজেকেও উড়িয়ে দেয়। শুক্রবার দুপুরের এই বিস্ফোরণে রীতিমতো আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ । নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। তার কথায় নৃশংস হামলা হলো মানবতার বিরুদ্ধে কঠোর অপরাধ। দোষীদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি । ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তও শুরু হয়েছে । নিরাপত্তার কারণে ঘিরে ফেলা হয়েছে এলাকাও । ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে তদন্তকারী দল । তবে উল্লেখ্য , শিয়া মসজিদে বিস্ফোরণের এই ঘটনা পাকিস্তানে সাম্প্রদায়িক হিংস্রতার আশঙ্কা ফের একবার বাড়িয়ে দিল ।







