সোমবার বিজেপির জাতীয় সংগঠনে বড়সড় রদবদল। নতুন জাতীয় সভাপতি নিতিন নবীনের টিমে কেন্দ্রীয় আইটি সেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ছত্তীসগড়ের সংগঠক ও ডেটা বিশ্লেষক দীপক মাসকে। দীর্ঘদিন এই দায়িত্ব সামলানো অমিত মালব্যকে সরিয়ে মাসকেকে দলের সোশ্যাল মিডিয়া ও আইটি ব্যবস্থার শীর্ষ দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব পেয়েই বিজেপির নতুন আইটি প্রধান স্পষ্ট করেছেন তাঁর অগ্রাধিকার। তাঁর বক্তব্য, জনসেবার লক্ষ্য পূরণে নির্বাচনে জয়ই দলের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই পুরো টিমকে কাজে লাগানো হবে। বিরোধীদের প্রচার প্রসঙ্গে মাসকে জানিয়েছেন, ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাময়িক প্রভাব তৈরি করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদে সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরাই কার্যকর পথ। বিজেপি সততার সঙ্গে সেই কাজ করবে বলেও দাবি তাঁর।
১৯৬৮ সালে জন্ম দীপক মাসকের শিক্ষাগত যোগ্যতা রসায়নে স্নাতকোত্তর। রয়েছে সিমেন্ট টেকনোলজিতে ডিপ্লোমা এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ের সার্টিফিকেট। কর্মজীবনের শুরুতে রসায়নের অধ্যাপক হিসেবে কাজ করলেও পরবর্তীতে কৃষি, উদ্যানপালন ও জৈব চাষের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন।
তবে নির্বাচনী ডেটা বিশ্লেষণ এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য সংগ্রহে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। ২০০৯ সাল থেকেই ছত্তীসগড় বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত মাসকে। পাশাপাশি দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির বাইরেও রাষ্ট্রায়ত্ত সংস্থা Engineers India Limited-এর স্বাধীন পরিচালক ছিলেন তিনি। বর্তমানে ছত্তীসগড় মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান পদেও রয়েছেন। সামাজিক কাজের ক্ষেত্রেও সক্রিয় মাসকে। ফলে বিজেপির নতুন আইটি প্রধান হিসেবে তাঁর দায়িত্বে রাজনৈতিক সংগঠন, প্রযুক্তি ও ডেটা বিশ্লেষণের সমন্বয়ই এখন বড় নজরকাড়া বিষয়।







