রাজ্য

আবাস প্লাসে সমীক্ষা জোরদার, যোগ্য পরিবারকে আবেদনের শেষ সুযোগ ৩১ অগস্ট

‘পাকা বাড়ি, নিরাপদ পরিবার, সরকারের দৃঢ় অঙ্গীকার’—এই লক্ষ্যকে সামনে রেখে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় জোরকদমে চলছে ‘আবাস প্লাস ২০২৪’ সমীক্ষা। প্রান্তিক ও প্রকৃত যোগ্য পরিবারগুলির জন্য পাকা বাড়ির ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ’-এর অধীনে ইতিমধ্যেই রাজ্যে ৩৮ লক্ষ পরিবারের নাম নথিভুক্ত হয়েছে।

আবেদনের শেষ সময় ও পদ্ধতি

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও যে সমস্ত যোগ্য পরিবার সমীক্ষা বা আবেদনের আওতায় আসতে পারেনি, তারা আগামী ৩১ অগস্ট, ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। পুরো প্রক্রিয়াকে আরও সহজ, ডিজিটাল ও স্বচ্ছ করতে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দুটি নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। অ্যাপ দু’টি হল—‘Awaas Plus 2024’ এবং ‘AadhaarFaceRD’।

কী কী নথি লাগবে?

আবেদনের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে—
* আধার কার্ড
* ১০০ দিনের কাজের জব কার্ড
* আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য
সমস্যায় কোথায় যোগাযোগ করবেন?

আবেদন বা সমীক্ষা সংক্রান্ত কোনও সমস্যা হলে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিস অথবা ব্লক উন্নয়ন আধিকারিকের দফতরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি সাহায্যের জন্য দুটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে—৮২৮২০৮২৮২০ এবং ১৮০০ ৮৮৯ ১৪৫১। বিস্তারিত তথ্যের জন্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সরকারি ওয়েবসাইট prd.wb.gov.in-এ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

গত প্রায় আড়াই মাস ধরে রাজ্যের বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে আবাস প্লাসের সমীক্ষা চলছে। তবে কোনও যোগ্য পরিবারের এখনও সমীক্ষা না হয়ে থাকলে দ্রুত প্রশাসনের নজরে বিষয়টি আনার আবেদন জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট পরিবারগুলি নিজেদের নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লকের নাম এবং মোবাইল নম্বর তাঁর ইমেল ঠিকানায় পাঠাতে পারবেন।

মন্ত্রী আরও জানান, গত এক মাস ধরে বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে যোগ্য কোনও পরিবার যাতে সমীক্ষার তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করার চেষ্টা চালানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.