আবহাওয়া

উত্তরে লাল সতর্কতা, দক্ষিণে ভ্যাপসা গরম! নিম্নচাপ দুর্বল হতেই বদলাল বাংলার আবহাওয়া

নিম্নচাপ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ায় শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা দিয়েছে। কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কমেছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা কম।

তবে পশ্চিমের কয়েকটি জেলায় পরিস্থিতি কিছুটা আলাদা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। শনিবার ও রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে রয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

টানা বর্ষণের জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি বা তার উপরে পৌঁছেছে। ফলে নিচু এলাকায় জল জমা, প্লাবন এবং পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দা ও পর্যটকদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, আগামী ২১ জুলাই থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ওই দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা আবার সক্রিয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.