দেশ

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

ফের হিংসার আগুনে অশান্ত মণিপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হলেন এক CRPF জওয়ান। একইসঙ্গে একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পরপর হিংসাত্মক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতির প্রতিবাদে এদিন সকাল থেকেই রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত আড়াইটে নাগাদ কাংপোকপি জেলার তাপৌ কুকি গ্রামে একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ভোর চারটে নাগাদ সেনাপতি জেলার নাগা তাপৌ গ্রামেও পরপর কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপরই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় গুলির লড়াই। সেই গোলাগুলির মধ্যেই আহত হন এক CRPF জওয়ান। তাঁকে সেনাপতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনাপতিতে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেনাপতি গেটে জড়ো হয়ে ২ নম্বর জাতীয় সড়কে কাঠ ও টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন তাঁরা। এর ফলে ব্যাহত হয় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে তাপৌ কুকি ভিলেজ অথরিটির তরফে বিবৃতি দিয়ে সাধারণ মানুষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকেই অশান্ত মণিপুর। কুকি ও মেতেই গোষ্ঠীর সংঘর্ষে এখনও পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। একাধিকবার হামলার নিশানা হয়েছে নিরাপত্তাবাহিনীও। গত মাসে বিদ্রোহীদের হামলায় অসম রাইফেলসের দুই জওয়ানের মৃত্যু হয়। কাংপোকপি ও সেনাপতি-সহ মণিপুরের একাধিক জেলায় বারবার হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফের নতুন করে উত্তেজনা ছড়ানোয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.