কলকাতাখেলাধুলা

জেলে গেলেও নেই কোনো আফসোস , ভগবানকে দেখা হয়ে গিয়েছে আর কি চাই ! জামিনে মুক্তি ‘ বিরাট ‘ ভক্তের

ইডেনের ব্যারিকেড পেরিয়ে ঠিক যেনো এক স্বপ্নময় জগতে ভাসছিলেন পূর্ব বর্ধমানের বছর ১৮ এর ঋতুপর্ণ। তখন চোখের সামনে শুধুই তার আরাধ্য বিরাট, বাকি দুনিয়া তখন তার কাছে স্তব্ধ। কিন্তু স্বপ্নময় জগৎ শেষ চোখের পলকেই। খেলা চলাকালীন অবৈধ অনুপ্রবেশের কারণে গ্রেফতার করা হয় তাকে। তবে অবশেষে স্বস্তির হাসি। জামিন পেলেন ঋতুপর্ণ পাখিরা। কলকাতা সিজেএম আদালতের বিচারক কৌস্তুভ মুখোপাধ্যায় হাজার টাকার বন্ডে শর্তসাপেক্ষ অন্তর্বর্তীকালীন জামিন দেন ঋতুপর্ণকে। শর্ত অনুযায়ী, এই চলতি আইপিএল মরশুমে আর ইডেনে খেলা দেখতে যেতে পারবেন না তিনি। এমনকি ক্রিকেটের নন্দনকানন সংলগ্ন এলাকাতেও যেতে পারবেন না।

সোমবার জামিন পান ঋতুপর্ণ পাখিরা। জামিন পেয়ে তিনি জানান,‘‘কোনও আফসোস হচ্ছে না। ভগবানের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। আর কী চাই!’’ তিনি আরো বলেন,‘‘ সেদিন মাঠে বিরাট তার নাম জিজ্ঞেস করেন এবং নাম বলার পরে বিরাট বলেন, পালা এখান থেকে। নিরাপত্তা রক্ষীদেরও আমাকে কিছু না করার জন্য বলেন।’’

খেলা চলাকালীন অনুপ্রবেশ-সহ একাধিক অভিযোগে ময়দান থানার তরফে গ্রেফতার করা হয় ঋতুপর্ণকে। সোমবার বিচার চলাকালীন, সরকারি আইনজীবী তারকনাথ মণ্ডল এবং রাধানাথ রং অভিযুক্ত ঋতুপর্ণকে পুলিশি হেফাজতে পাঠানোর আবেদন জানালে বিচারক বলেন, ‘‘পুলিশ হেফাজতে নিয়ে কী করবেন? ১৯৮৩-র ক্রিকেট ম্যাচ দেখেননি। একটা করে ইউকেট পড়ার পরে দর্শকেরা মাঠে ঢুকে পড়তেন।’’ বিচারকের কথার প্রত্যুত্তরে সরকারি আইনজীবীরা বলেন, ‘‘এই ঘটনায় বিরাটের মনোসংযোগ ছিন্ন হয়েছে। তাঁর রান করতে অসুবিধা হয়েছে। আগামী ৩ তারিখ ফের বিরাটের খেলা রয়েছে। ধৃতের উদ্দেশ্য কী তা, জানতে হবে।’’ আইনজীবীরা আরও বলেন,‘‘ধৃতের কাছে এইচ ব্লকের টিকিট ছিল। তবু তিনি জি ব্লক দিয়ে ঢুকতে যাওয়ায় পুলিশ তাঁকে ফেরত পাঠিয়ে দেয়। পরে জি ব্লকের পুলিশ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লে ঋতুপর্ণ সেখান দিয়ে মাঠে ঢুকে পড়েন। ক্রিমিনাল ফোর্স অ্যাপ্লাই করেছেন।’’তবে সব কিছু শোনার পর বিচারক জানান, ‘‘অভিযুক্তের কাছে কোনও অস্ত্র বা আপত্তিকর জিনিস পাওয়া যায়নি। অভিযুক্তকে পুলিশি হেফাজত বা জেল হেফাজতে রাখার যৌক্তিকতা নেই।’’ এবং শেষমেশ শর্তসাপেক্ষ জামিন পান ঋতুপর্ণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.