ক্রাইম

রাজ্যপালের নাম ভাঙিয়ে ভুয়ো ফোন! কলকাতায় সক্রিয় জালিয়াত চক্র, সাইবার ক্রাইম সেলে অভিযোগ

পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং লোক ভবনের উচ্চপদস্থ আধিকারিকের পরিচয় ব্যবহার করে একের পর এক ভুয়ো ফোন করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ দায়ের করেছে লোক ভবন কর্তৃপক্ষ। একই সঙ্গে শুক্রবার, ১৭ জুলাই একটি জরুরি প্রেস বিজ্ঞপ্তি জারি করে সরকারি আধিকারিক ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

লোক ভবনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল অথবা লোক ভবনের শীর্ষ আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন করছে। প্রশাসনের শীর্ষ স্তরে বিভ্রান্তি তৈরি করাই এই চক্রের মূল উদ্দেশ্য বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট মোবাইল নম্বরও প্রকাশ করেছে লোক ভবন। অভিযোগ, +91 98365 40163 নম্বর থেকে এই ভুয়ো ফোন করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেল অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে কোনও বড়সড় প্রতারণা, আর্থিক জালিয়াতি বা প্রশাসনিক ষড়যন্ত্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর লোক ভবনের পক্ষ থেকে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যপাল বা লোক ভবনের নাম করে কোনও ফোন, বার্তা বা নির্দেশ এলে যথাযথভাবে সত্যতা যাচাই না করে কোনও পদক্ষেপ করা যাবে না। পাশাপাশি প্রতারণামূলক ফোন কল সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেরও আবেদন জানানো হয়েছে।

লোক ভবন জানিয়েছে, কেউ যদি এই ধরনের ভুয়ো ফোন পান বা এ সংক্রান্ত কোনও তথ্য জানেন, তাহলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে 033-2200-1641 থেকে 44 নম্বর এবং অফিসিয়াল ইমেল generalcellgs@gmail.com।

রাজ্যের সাংবিধানিক প্রধানের নাম ব্যবহার করে এই ধরনের প্রতারণার ঘটনা প্রশাসনিক নিরাপত্তা ও সাইবার সুরক্ষার ক্ষেত্রে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারা এই চক্রের নেপথ্যে রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী, তা জানতে জোরকদমে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.