ওড়িশায় ফের ট্রেন বিপত্তির ঘটনা। তবে চালকের তৎপরতায় অল্পের জন্য এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। কোনও হতাহতের খবর নেই।
ইস্ট কোস্ট রেল সূত্রে জানা গিয়েছে, চেন্নাই সেন্ট্রাল–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ভদ্রক ছেড়ে জাজপুরের দিকে যাচ্ছিল। ঝাঁকাপুরা স্টেশনের কাছে আপ লাইনে ঢোকার সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। সঙ্গে সঙ্গে চালক ট্রেন থামিয়ে দেন, ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়।
হঠাৎ ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। অনেকেই তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। তাঁরা যাত্রীদের আশ্বস্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রেলের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় কারও কোনও আঘাত লাগেনি। সকল যাত্রীই সুরক্ষিত রয়েছেন। লাইনচ্যুত বগিটিকে ফের ট্র্যাকে তোলার কাজ চলছে। যত দ্রুত সম্ভব ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও ওড়িশায় একাধিক বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। তার মাঝেই ফের এই ঘটনা যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
অনেকেরই মত, যে দেশে বন্দে ভারত এক্সপ্রেস চলছে এবং বুলেট ট্রেন চালুর স্বপ্ন দেখা হচ্ছে, সেখানে বারবার এমন ট্রেন বিপত্তি রেলযাত্রার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।







