তোলাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না—আগেই এমন বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপও করছে রাজ্য সরকার। দলের কোনও নেতার নাম তোলাবাজির সঙ্গে জড়ালে কিংবা কোনও পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। এবার নিজের বিধানসভা এলাকাতেও একই সুরে সতর্কবার্তা দিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। তাঁর স্পষ্ট বক্তব্য, “কেউ যদি আমার নাম করে টাকা চায়, তাহলে টাকা দেবেন না।”
রবিবার পানিহাটিতে বিজেপির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই তোলাবাজি নিয়ে এলাকার মানুষকে সতর্ক করেন বিধায়ক। তোলাবাজদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রত্না দেবনাথ বলেন, “যাঁরা টাকা নিতে আসছেন, তাঁদের মোবাইলে ছবি তুলে রাখবেন। আর বলবেন, বিধায়ক পাঠিয়ে থাকলে তাঁর সই নিয়ে আসুন। অথবা বিধায়কের MLA প্যাডে লিখিয়ে নিয়ে আসুন। ভয় পাওয়ার কোনও কারণ নেই। সাহস করে সামনে আসুন।”
পাশাপাশি পানিহাটিকে আরও সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তোলার বার্তাও দেন রত্না। তাঁর কথায়, এলাকায় যেন কোনও ‘থ্রেট কালচার’ না থাকে। এ প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর ছেলের জেলে থাকার প্রসঙ্গও টেনে আনেন তিনি। বলেন, “দেখেছেন তো নির্মল ঘোষ ও তাঁর ছেলে একসঙ্গে জেলে বসে আছেন। বাবা কখনও ছেলেকে বলছে, তোর জন্য এই সব হয়েছে। তুমি বেশি বাড়াবাড়ি না করলে এমনটা হত না।”
আরজি কর-কাণ্ডের সময় থেকেই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছিলেন রত্না দেবনাথ। এদিনও সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কালকে নির্মল ঘোষ আমায় নিয়ে বলেছেন, মনে হয় উনি ক্ষমতার লোভে পাগল হয়ে গিয়েছেন। তাই আমার নামে এই সব অভিযোগ করছেন।” একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, মেয়ের জন্য তাঁর লড়াই কোনওদিন থামবে না।







