প্রায় এক মাস পর ফের ইরানে হামলা চালাল আমেরিকা। রবিবার হরমুজ প্রণালীর কাছের ইরানের লারাক দ্বীপকে লক্ষ্য করে মার্কিন সেনা দুটি রকেট লঞ্চার ছোড়ে বলে জানা গিয়েছে। মার্কিন অভিযোগ, ওই দ্বীপ থেকেই হরমুজ প্রণালীতে রকেট ও ল্যান্ডমাইন নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল ইরানের সেনাবাহিনী। সেই কারণেই লারাক দ্বীপে হামলা চালানো হয়। এর পালটা জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রবিবার লারাক দ্বীপে মার্কিন হামলায় কয়েকজন সেনা সদস্যের পাশাপাশি সাধারণ নাগরিকও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। মার্কিন হামলার প্রতিক্রিয়ায় জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পালটা আঘাত হানে তেহরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, কিং হুসেন ও আল-আজরাক বিমানঘাঁটির কারিগরি ও রক্ষণাবেক্ষণ পরিকাঠামো এবং যুদ্ধবিমানকে নিশানা করা হয়েছিল। যদিও আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশেই ধ্বংস করে দেয়।
লারাক দ্বীপটি ইরানের গুরুত্বপূর্ণ বন্দর বান্দার আব্বাসের কাছাকাছি এবং হরমুজ প্রণালীর মাঝামাঝি এলাকায় অবস্থিত। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এই জলপথের গুরুত্ব অপরিসীম। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়েই পরিবহণ করা হত। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, বর্তমানে লারাক দ্বীপের পাশ দিয়ে যাওয়া তেলবাহী ট্যাঙ্কারগুলিতে ইরান তল্লাশি চালাচ্ছে। এমনকি হরমুজ প্রণালী পার হওয়ার জন্য জাহাজগুলির কাছ থেকে প্রায় ২০ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৯ কোটি টাকা পর্যন্ত শুল্ক নেওয়া হচ্ছে।
এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত সপ্তাহে মার্কিন সেনা হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমা মাইনমুক্ত করেছে। তাঁর দাবি, সেখানে থাকা সমস্ত মাইন সরিয়ে ফেলা হয়েছে অথবা নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি হরমুজে নতুন করে কেউ সামুদ্রিক মাইন পেতে গেলে আমেরিকা কড়া পদক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, এমন পরিস্থিতিতে কোনও জাহাজ বা নৌকাকেও ধ্বংস করে দেওয়া হতে পারে।
এক মার্কিন আধিকারিকের দাবি, ইরানের সামরিক বাহিনী তথা আইআরজিসির গতিবিধির উপর নজর রাখছিল মার্কিন সেনা। সেই নজরদারির পরই লারাক দ্বীপে এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে।







