ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। সাধারণ ফুটবলপ্রেমীদের মতোই টিভির পর্দায় চোখ রেখে ম্যাচ উপভোগ করছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। তবে খেলার রোমাঞ্চের পাশাপাশি এবারের বিশ্বকাপ তাঁকে ফেলেছে এক অদ্ভুত মানসিক অস্বস্তিতেও। মাঝরাত পর্যন্ত জেগে ম্যাচ দেখা, রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ—সব মিলিয়ে নিজের অনুভূতির কথা অকপটে তুলে ধরেছেন তিনি তাঁর ব্যক্তিগত ব্লগে।
অমিতাভ জানিয়েছেন, বিশ্বকাপের ম্যাচগুলির সময়সূচির কারণে তাঁর দৈনন্দিন জীবনযাত্রা পুরোপুরি বদলে গিয়েছে। গভীর রাতে খেলা থাকায় ঘুমের রুটিনও বিঘ্নিত হচ্ছে। এর পাশাপাশি মাঠে রেফারিং নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, কিছু ম্যাচে এক দলের প্রতি কঠোর এবং অন্য দলের প্রতি নমনীয় মনোভাব দেখা যাচ্ছে, যা একজন ফুটবলপ্রেমী হিসেবে তাঁকে হতাশ করছে। ব্লগে তিনি লিখেছেন, “সময় আর রুটিন এখন সম্পূর্ণ এলোমেলো হয়ে গিয়েছে। কারণ একটাই—২০২৬ বিশ্বকাপ। অদ্ভুত সময়ে ম্যাচ হওয়ায় পরের দিনও তার প্রভাব থেকে যাচ্ছে। তবুও আমরা প্রিয় দলের খেলা দেখছি, সমর্থন করছি, জিতলে আনন্দ করছি, হারলে মন খারাপ করছি। কিন্তু মাঠে এক দলের বিরুদ্ধে অন্যায্য সিদ্ধান্ত এবং অন্য দলের প্রতি বাড়তি সুবিধা দেখতে সত্যিই খারাপ লাগছে।”
তবে বিশ্বকাপে তথাকথিত ছোট দলগুলোর লড়াকু মানসিকতা এবং বড় শক্তিগুলোর অপ্রত্যাশিত হারে তিনি আনন্দও খুঁজে পাচ্ছেন। তাঁর মতে, এই অনিশ্চয়তাই ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, “সবাই চায় সেরা দল জিতুক। কিন্তু খেলা শেষ না হওয়া পর্যন্ত কে সত্যিই সেরা, সেটা বোঝা যায় না।”
উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন সম্প্রতি একটি সামাজিক মাধ্যমের পোস্টকে কেন্দ্র করেও বিতর্কে জড়িয়েছিলেন অমিতাভ বচ্চন। ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচের পর তিনি এক্স-এ লিখেছিলেন, “ফরাসি দলে ১১ জনের মধ্যে ১০ জন কৃষ্ণাঙ্গ এবং একজন শ্বেতাঙ্গ! কৃষ্ণাঙ্গদের শক্তি!” এই মন্তব্যের পর নেটমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেতা। অনেকের মতে, খেলোয়াড়দের গায়ের রঙ নয়, তাঁদের জাতীয় পরিচয় ও পারফরম্যান্সই হওয়া উচিত আলোচনার বিষয়। সেই বিতর্ক পুরোপুরি থামার আগেই এবার বিশ্বকাপের রেফারিং ও ম্যাচ পরিচালনা নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।







