দিল্লিতে ফের চলন্ত বাসে নারী নিরাপত্তা নিয়ে উঠল গুরুতর প্রশ্ন। স্লিপার বাসের মধ্যে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে। ঘটনার পর দিল্লির কাশ্মীরি গেট এলাকার কাছে ওই কিশোরীকে রাস্তায় ফেলে দু’জন পালিয়ে যান বলে অভিযোগ। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ৪ অগস্ট। উত্তরপ্রদেশের মইনপুরীর বাসিন্দা একাদশ শ্রেণির ওই ছাত্রী পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। নয়ডার সেক্টর ৬৩-তে থাকা এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রাতের অন্ধকারে ভুল জায়গায় নেমে যায় সে। পরে একা দাঁড়িয়ে থাকার সময় একটি স্লিপার বাসে ওঠে কিশোরী।
পুলিশের দাবি, বাসে অন্য কোনও যাত্রী ছিলেন না। কিশোরীর বয়ানের ভিত্তিতে অভিযোগ, কিছুক্ষণ পর চালক ও কন্ডাক্টর তার সঙ্গে অভব্য আচরণ শুরু করেন। পরে দু’জনে মিলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। বাধা দিলে হুমকিও দেওয়া হয় বলে পুলিশকে জানিয়েছে কিশোরী।
এর পর প্রায় ৪৭ কিলোমিটার দূরে পুরনো দিল্লির কাশ্মীরি গেট বাস টার্মিনালের কাছে রাস্তায় তাকে ফেলে বাস নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। খবর পেয়ে তদন্তে নামে পুলিশ।
দিল্লি পুলিশের উত্তর জেলার ডেপুটি কমিশনার নীহারিকা ভট্ট জানিয়েছেন, তিমারপুর এলাকার একটি পার্কিং থেকে চালক কুলদীপ ও কন্ডাক্টর সন্দীপকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের ব্যবহৃত বাসটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তে বাসটির ভিতর থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। বাসটির জানালা পর্দা দিয়ে ঢাকা ছিল বলেও পুলিশ জানিয়েছে। ঘটনার প্রমাণ খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা চলছে।
অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ এবং মারধরের ধারায় মামলা রুজু হয়েছে। নাবালিকার পরিচয় আইন অনুযায়ী গোপন রাখা হয়েছে। ঘটনাটি ফের দিল্লির গণপরিবহণে মহিলা ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।







