উত্তরপ্রদেশের এটাহ জেলার নাগলা মিতান গ্রাম কেঁপে উঠেছে এক ভয়াবহ হত্যাকাণ্ডে। পরিবারের অন্দরেই ঘটে গিয়েছে এই মর্মান্তিক ঘটনা। অভিযোগ, ১৬ বছরের এক কিশোরী এবং তার প্রেমিক বিনয় শর্মা মিলে কিশোরীর মাত্র ১৩ বছর বয়সি ছোট ভাইকে খুন করেছে। নিহত ছাত্র স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত।
পুলিশ জানায়, ঘটনার রাতে বাড়ির সবাই বাইরে থাকায় প্রেমিক গোপনে কিশোরীর ঘরে প্রবেশ করে। গভীর রাতে দু’জন একসঙ্গে থাকার সময় আচমকাই ঘরে ঢুকে পড়ে ছোট ভাই। হঠাৎ দিদি ও তার প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে সে। এরপরই সে বোনকে হুমকি দেয় যে সব সত্যি মা–বাবাকে জানিয়ে দেবে। আর সেই আশঙ্কাতেই ঘটে যায় ভয়ংকর কাণ্ড। অভিযোগ, প্রথমে বিনয় শর্মা কিশোরের মুখ চেপে ধরে এবং পরে কিশোরী নিজ হাতে তার গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে দেয়।
হত্যার পর বিনয় পালিয়ে যায়। অপরদিকে কিশোরী নাটক সাজায়—সে কান্নাকাটি শুরু করে, প্রতিবেশীদের ডাকে এবং দাবি করে যে ভাই হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। কিন্তু পুলিশের তদন্তে ধাপে ধাপে ধরা পড়ে চাঞ্চল্যকর তথ্য। ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হয়, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে কিশোরকে।
জিজ্ঞাসাবাদের সময় প্রথমে অস্বীকার করলেও পরে পরিবারের সামনে সব স্বীকার করে নেয় কিশোরী। বর্তমানে বিনয় শর্মা জেলে এবং কিশোরীকে রাখা হয়েছে কিশোর সংশোধনাগারে। ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।







