মাত্র তেরো বছর বয়স। অথচ পরিচয় তাঁর ‘বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপক’। তিনি আমেরিকা নিবাসী বাংলাদেশি বংশোদ্ভূত সুবর্ণ আইজ্যাক বারি। গত এপ্রিলে বয়স হলো ১৩। তার আগেই, ১২ বছর বয়সে তিনি পেয়ে গেছেন সর্বকনিষ্ঠ অধ্যাপকের আন্তর্জাতিক স্বীকৃতি।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই বিস্ময় বালক। খড়গপুরে ঘোরার পর হাওড়া-কাটিহার এক্সপ্রেস ধরে পৌঁছেছে মালদহে। শনিবার মালদহ কলেজ ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে দুটি বিশেষ ক্লাস নিয়েছে সুবর্ণ। মূলত গণিত ও পদার্থবিদ্যা নিয়ে তাঁর আলোচনা মন কেড়েছে সবাইকে। কলেজের অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও হাজির ছিল।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শুধু স্নাতকস্তর নয়, স্নাতকোত্তর পড়ুয়া থেকে শুরু করে গবেষকরাও ভিড় করেছিলেন তাঁর ক্লাসে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে উপচে পড়া ভিড় সামলানো দায় হয়ে উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস-সহ একাধিক অধ্যাপক।
সুবর্ণ বলেন, “বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পেরে আমি আনন্দিত। এখানে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করতে পেরে খুব ভালো লাগছে।”
ক্লাস শেষে রিসার্চ স্কলার শুভজিৎ মণ্ডল জানান, “সোশ্যাল মিডিয়ায় ওর পড়ানো আগে দেখেছি। কিন্তু সরাসরি ক্লাস শোনার অভিজ্ঞতা অনন্য। বয়স ছোট হলেও বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক ও অনুপ্রেরণামূলক।”
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, “আমরা সুবর্ণকে আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং তাঁর সাড়া পেয়ে সত্যিই খুশি। বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি অত্যন্ত উপকারী হবে।”
মালদহে এই সফরে সুবর্ণের আগমন যে শিক্ষাজগতের জন্য এক বড় ঘটনা, তা বলাই বাহুল্য।







